সিরিয়ায় কুর্দিদের বাশার বিরোধী সমাবেশে গুলি নিহত ৩

আপডেট : ২৮ জুন ২০১৩, ২০:৫০
সিরিয়ার কুর্দি অধ্যুষিত আমুডা শহরে সমাবেশ করার সময় গুলিবর্ষণে তিন বিক্ষোভকারী নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর আমুডায় ডেমোক্রাটিক ইউনিয়ন পার্টির তিন শীর্ষ নেতার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সমাবেশ করছিলো প্রেসিডেন্ট বাশার বিরোধীরা। বিক্ষোভ চলাকালে নির্বিচারে গুলিতে ঘটনাস্থলে তিনজন নিহত হয় এবং আহত হয় কমপক্ষে ১০ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন। আন্দোলন-কারীরা তাদের ওপর গুলিবর্ষণের ছবি অনলাইনে প্রকাশ করেছে। ১৭ জুন হাসাকা প্রদেশে বাশার বিরোধীরা সমাবেশ করে। আন্দোলনকারীদের গ্রেফতার করতে শুরু করে সরকার। এরপর থেকেই সেখানে উত্তেজনা বাড়তে থাকে। তবে বৃহস্পতিবারের সহিংসতা ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় এক সাংবাদিক মোহাম্মদ মাহমুদ বাসার বলেন, গ্রেফতার হওয়া কুর্দি নেতারা আমুডাতে বেশ জনপ্রিয়। সিরিয়ার বাশার বিরোধী বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে তারা আন্দোলন করে আসছেন। তাদের মুক্তির দাবিতে আমুডার প্রাণকেন্দ্রে আমরণ অনশন করতে থাকে আন্দোলনকারীরা। আজাদ আমৌদি নামের এক স্কুলশিক্ষক তার প্রতিক্রিয়ায় বলেন, কুর্দিদের মুখ বন্ধ করতে সরকার গ্রেফতার নীতি অবলম্বন করেছে। কিন্তু সরকার যত চেষ্টাই করুক না কেন গণআন্দোলন থেকে মানুষকে হঠাতে পারবে না।