আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার তদবিরে পোশাক শিল্পে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা জিএসপি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তার (খালেদা) শ্রমিক তথা দেশের বিরুদ্ধে অবস্থান নেয়ার জবাব ব্যালটের মাধ্যমে গাজীপুরবাসীকে দেয়ার আহ্বান জানান তিনি।
গতকাল শুক্রবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খানের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সম্প্রতি জার্নাল ওয়াশিংটন পোস্টে এক আর্টিক্যালের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ পোশাক শিল্পে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা জিএসপি বাতিলের অনুরোধ করেন। যা দেশের জন্য হুমকিস্বরূপ। দেশের ১৬ কোটি মানুষের জন্য ন্যূনতম দরদ থাকলে তিনি এ অনুরোধ করতে পারতেন না। সেই খালেদা জিয়ার দল বিএনপি সমর্থিত প্রার্থীকে গাজীপুর সিটি নির্বাচনে ভোট না দেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশে আবার দুঃশাসন চলে আসবে। দেশ পিছিয়ে যাবে। আজমত উল্লাহ খানকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আখ্যায়িত করে তাকে ভোট দেয়ার অনুরোধ জানান।
এ সময় মোহাম্মদ নাসিমের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী, স্থানীয় আওয়ামী লীগ নেতা সরবেশ আলী, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। মোহাম্মদ নাসিমের আগমন উপলক্ষে গাজীপুরে গণজোয়ার সৃষ্টি হয়। সেখানে হাজার হাজার গার্মেন্টস কর্মী রাস্তার দুপাশে দাঁড়িয়ে দুহাত তুলে তাকে অভিনন্দন জানান।
ছাত্রলীগের বিবৃতি
বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সম্প্রতি জার্নাল ওয়াশিংটন পোস্টে এক আর্টিক্যালের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ পোশাক শিল্পে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা জিএসপি বাতিলের অনুরোধ করেন। জনস্বার্থ বিরোধী তার এই বিশেষ অনুরোধক্রমেই যুক্তরাষ্ট্র শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা জিএসপি বাতিল করেছে। যা অধিকাংশ অর্থনীতি বিশ্লেষকগণ দেশের জন্য হুমকি মনে করছেন। একই সঙ্গে জাতি বিরোধী দলীয় নেত্রীর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছে।
গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এসব কথা বলেন। ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক রাশিদুজ্জামান রাশেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
