রক্ষণশীলদের কারণে ইন্দোনেশিয়ার সঙ্গে বিরোধ বাড়তে পারে : রাড

আপডেট : ২৯ জুন ২০১৩, ২১:৩৩
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী কেভিন রাড বলেছেন, আশ্রয়প্রার্থী বহনকারী নৌকা ফিরিয়ে দেয়ার যে প্রস্তাব রক্ষণশীল বিরোধীরা করেছেন তাতে ইন্দোনেশিয়ার সঙ্গে বিরোধ আরো বাড়ার ঝুঁকি রয়েছে। তিনি এও ইঙ্গিত দিয়েছেন, আগামী সেপ্টেম্বরের নির্বাচনে এটি প্রধান ইস্যু হতে পারে। দলের মধ্যে এক অভ্যুত্থানের মাধ্যমে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে রাড এ কথা বলেন। তিনি বলেন, তিনি নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনোকে আহবান জানাবেন। প্রতি বছর হাজার হাজার লোক চোরাপথে আশ্রয়প্রার্থী হিসেবে অস্ট্রেলিয়া আসছে। চলতি বছর এ পর্যন্ত ইতোমধ্যে ১০ হাজারেরও বেশি লোক নৌকায় অস্ট্রেলিয়া এসে পৌঁছেছে। আর অস্ট্রেলিয়ায় আসা আশ্রয়প্রার্থীদের অনেকে ইন্দোনেশিয়াকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে। বিরোধী নেতা টনি অ্যাবোট আশ্রয়প্রার্থী বহনকারী নৌকাগুলো ইন্দোনেশিয়ায় ফেরত পাঠানোর পরামর্শ দিয়েছেন। তবে জাকার্তা এ প্রস্তাবে সন্তুষ্ট হতে পারেনি। রাড বলেন, ‘ইন্দোনেশিয়ার সঙ্গে সংঘাতের ঝুঁকি তৈরির চেষ্টায় আমি যারপরনাই বিস্মিত। এমনিতেই দেশটির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে। আমি আর সম্পর্ক খারাপ দেখতে চাই না।’