থাইল্যাণ্ডের অশান্ত দক্ষিণাঞ্চলে শনিবার ভোরে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে আট সৈন্য নিহত হয়েছে। এক সেনা মুখপাত্র জানান, ক্রোংপিনাং এলাকায় এই বিস্ফোরণে আরো দুই সৈন্য ও দুই বেসামরিক লোক আহত হয়েছে। সৈন্যরা রাতে তাদের ঘাঁটিতে দায়িত্ব পালন শেষে সেনাবাহিনীর একটি গাড়িতে করে আবাসস্থলে ফেরার সময় রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। কর্নেল প্রামোত প্রমিন এএফপিকে ফোনে বলেন, ‘শক্তিশালী বোমা বিস্ফোরণে সেনা সদস্যদের বহনকারী গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’ এই ঘটনায় দুই গ্রামবাসীও আহত হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘ট্রাকটিতে দশ সৈন্য ছিল। এদের আটজন নিহত ও দু’জন আহত হয়েছে।’
