দেরা শহরে গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি দখলে নিয়েছে সিরীয় বিদ্রোহীরা

আপডেট : ২৯ জুন ২০১৩, ২১:৩৫
দুই সপ্তাহ ভয়াবহ লড়াইয়ের পর সিরিয়ার বিদ্রোহীরা দেরা শহরের গুরুত্বপূর্ণ একটি সেনা ঘাঁটি দখলে নিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শুক্রবার নুসরা ফ্রন্টের নেতৃত্বে বিদ্রোহীরা ঘাঁটিটি দখল করে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুল রহমান বলেন, বিদ্রোহীদের এই সাফল্য বিশেষ তাত্পর্য বহন করে কারণ দেরা শহরের ওমরি মসজিদ থেকেই আসাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়। সেখানে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ আজ গৃহযুদ্ধে রূপ নিয়েছে। ঘাঁটিটি দখলের ফলে বিদ্রোহীদের জর্ডান সীমান্তের মানসিয়া এলাকার দিকে অগ্রসর হওয়া সহজ হবে। রাতে দেরার কারাক গ্রামে আসাদ বাহিনীর একাধারে শেল নিক্ষেপের ফলে অন্তত ১০ নারী নিহত হয়েছে। জাতিসংঘের হিসাবে সিরিয়ার গৃহযুদ্ধে এপর্যন্ত ৬ হাজার শিশু নিহত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছে।