ফুটবল দলে এবার ডাচ ফিটনেস কোচ

আপডেট : ২৯ জুন ২০১৩, ২২:১৫
জাতীয় ফুটবল দলের জন্য এবার একজন ডাচ ফিটনেস কোচ আসছেন। তিনি আগামীকাল ভোরে সহকারী কোচ রেনে কেস্তার সাথে আসবেন বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে। নেপালে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সাফ গেমসের জন্য আপাতত প্রাথমিক দলের অনুশীলন চালাবেন ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফের সহকারী রেনে। ক্রুইফ আগেই জানিয়ে গিয়েছিলেন তিনি কিছুটা বিলম্বে আসবেন। এ সময়টায় অনুশীলন সামলাবেন তার সহকারী রেনে। মূলত রেনেই ইয়াম আলী মোহাম্মেদ নামের ২৩ বছর বয়সী এই ফিটনেস কোচকে পছন্দ করেছেন। তবে বাফুফে এখনই তাকে চূড়ান্ত করছে না। ফিটনেস কোচের কাজ দেখে সন্তোষজনক মনে হলে তবেই নিয়োগ দেয়া হবে। সেজন্য তার পারিশ্রমিক এখনও চূড়ান্ত হয়নি। জাতীয় ফুটবল দলের জন্য একজন ফিটসেন কোচের দাবি অনেকদিন ধরেই। আর্জেন্টিনা থেকে আন্দ্রেস ক্রুসিয়ানির সাথে এসেছিলেন স্বদেশি কোলম্যান। এরপর আর জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেসের দায়িত্বে কোনো বিদেশিকে দেখা যায়নি। সুপার কাপে খেলোয়াড়দের ফিটনেস দেখে হতাশ হয়েছেন কোচ ক্রুইফ। যে ক’দিন খেলা দেখেছেন তাতে আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো শারীরিক সামর্থ্য নেই বলে শংকা প্রকাশ করায় বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের সাথে আলোচনা করেই ফিটনেস কোচ আনার উদ্যোগ নেয়া হয়। এদিকে ১০ জুলাই জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ খেলতে ব্যাংকক যাওয়ার কথা থাকলেও কোচ এখনই সেখানে যেতে নারাজ। থাইল্যান্ডের বিরুদ্ধে ১৯ জুলাই ম্যাচ খেলার কথা থাকলেও প্রস্তুতি ছাড়া সেখানে যেতে চান না ক্রুইফ। ঢাকায় তিন সপ্তাহ অনুশীলন করে দল নিয়ে ২০ জুলাই ব্যাংকক যেতে আগ্রহী ক্রুইফ। এদিকে প্রাথমিকভাবে ডাক পাওয়া ৩৫ জনের মধ্যে ৩১ জন গতকাল থেকে অনুশীলন শুরু করেছেন। ওয়ালী ফয়সাল গতকাল দুপুরে যোগ দিয়েছেন ক্যাম্পে। উইংগার জাহিদ ব্যাক মাসলে ব্যথা থাকায় কয়েকদিন বিশ্রামে রয়েছেন। প্রবাসী তিন ফুটবলার গতকাল সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পে যোগ দেননি বলে জানা গেছে।