বিশ্বকাপ খেলতে চান আফ্রিদি

আপডেট : ২৯ জুন ২০১৩, ২২:১৫
সারা পৃথিবীই তাকে চেনে ক্রিকেটার হিসেবে। বাংলাদেশের দর্শকরাও তার ব্যতিক্রম নন। বরং সেই তরুণ বয়স থেকেই ঢাকায় ক্রিকেটার আফ্রিদির দারুণ পরিচিতি। সেই আফ্রিদিই শুক্রবার ঢাকায় এলেন ব্যবসায়ী পরিচয়ে। তাহলে কী ক্রিকেটার পরিচয়টা ঝেড়ে ফেলতে শুরু করে দিয়েছেন পাকিস্তানের ডাকসাইটে এই অলরাউন্ডার? না, আফ্রিদি বলছেন, তিনি এখনও নিজেকে ষোলআনা ক্রিকেটারই মনে করেন। শুধু তাই নয়, ২০১৫ বিশ্বকাপেও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখেন এই ‘বুম বুম’ আফ্রিদি, ‘আমি একজন ক্রিকেটার ক্রিকেটই আমার কাছে সবার আগে। এখনও ক্রিকেটেই বেশি সময় দিচ্ছি। আগামী বিশ্বকাপে খেলার স্বপ্নটাও আছে আমার।’ আফ্রিদি এসব কথা বলছিলেন সাময়িক ‘ব্যবসায়ী’ পরিচয়ে শুক্রবার ঢাকায় এসে এক সংবাদ সম্মেলনে। সাংবাদিক সম্মেলনটি হয় তার পারিবারিক ফ্যাশন হাউস ‘উদিয়ান’-এর ঢাকা শাখা উদ্বোধন উপলক্ষে। গত শুক্রবার নগরীর এক পাঁচতারা হোটেলে জমকালো ফ্যাশন শো-এর মধ্যে দিয়ে ঢাকার বনানীতে যাত্রা শুরু করে উদিয়ান। ক্রিকেটের মানুষ বলেই পোশাকের ও ফ্যাশন হাউসের কাজে এলেও আফ্রিদির কাছে ক্রিকেট নিয়েই বেশি প্রশ্ন উঠে এলো সংবাদ সম্মেলনে। পড়তি ফর্ম ও বয়সের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে এখন যাওয়া আসার মধ্যে থাকা আফ্রিদি ক্রিকেট ছাড়ার চিন্তাভাবনা করছেন কি না; এমন প্রশ্নও উঠে এলো। সাংবাদিকদের এসব প্রশ্নের উত্তেরে আফ্রিদি বলেন, ‘এখনো ক্রিকেটই আমার ধ্যানজ্ঞান। এখনো সবকিছুর আগে ক্রিকেটই আমার কাছে বড়।’ ক্রিকেট নিয়ে যেমন ভাবছেন, তেমনই বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়েও বেশ ভাবেন বোঝা গেল আফ্রিদি। তিনি বললেন, নিজের ব্যবসায়ী পরিচয় ছাপিয়ে এই ফ্যাশন হাউসের উদ্যোগ দুই দেশের সম্পর্ক উন্নয়নের সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে। যদিও সেই ক্রিকেট নিয়েই বাংলাদেশ ও পাকিস্তানের সামপ্রতিক সম্পর্ক একটু শীতল চলছে। বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের না আসা এবং বাংলাদেশের পাকিস্তান সফর বাতিল নিয়ে টানাপোড়েন চলছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। আফ্রিদি মনে করেন, এই ভুল বোঝাবুঝি দ্রুতই সমাধান হয়ে যাবে, ‘সফর বিনিময় নিয়ে পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে যা ঘটেছে তা ভুল বোঝাবুঝি। আশা করি, এ সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশ পাকিস্তানে খেলতে যাবে এবং আমরাও আসবো বিপিএলে খেলতে। এখানে খেলতে সব সময় আমার খুব ভালো লাগে।’