বাংলাদেশের আগ্রহ মেটালো না আকসু

আপডেট : ২৯ জুন ২০১৩, ২২:১৭
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লর্ডস সভাটা শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির একেবারে পরপর। একটা গুঞ্জন ছিল, সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির সাফল্য দেখে আইসিসি এই টুর্নামেন্টটিকে বাতিল করার সিদ্ধান্ত থেকে সরে আসবে। কিন্তু কাল জানা গেল, আইসিসির বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে, এই টুর্নামেন্ট আর হবে না। গতকাল লর্ডসে শেষ হয়ে গেছে আইসিসির বার্ষিক সাধারণ সভার পাঁচ দিনব্যাপী বিভিন্ন ধাপের বৈঠক। এই রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি বা সংবাদ সম্মেলন করা হয়নি। তবে এটুকু জানা গেছে যে, চ্যাম্পিয়নস ট্রফি বন্ধ রাখার সিদ্ধান্তে অটল থাকাই এই সভার অন্যতম বড় সিদ্ধান্ত ছিল। তবে বাংলাদেশের মূল আগ্রহ ছিল মূলত অন্য তিনটি বিষয় নিয়ে। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) রিপোর্ট, বাংলাদেশের সদস্যপদ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এ সভা থেকে কিছু জানা যাবে; এমন সম্ভাবনা ছিল। কিন্তু নির্বাচন না হওয়ায় বাংলাদেশের সদস্যপদ নিয়ে এবং ভেন্যুর সংস্কার পিছিয়ে পড়ায় আগামী বছরের বিশ্বকাপ নিয়ে কোনো সংশয় প্রকাশ করেনি আইসিসি। আর বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এটুকু নিশ্চিত হওয়া গেছে যে, আকসুর রিপোর্টও এই সভাশেষে পাচ্ছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সভাশেষে তো পাচ্ছেনই না, বিপিএল নিয়ে আকসুর তদন্ত প্রতিবেদন আরো এক মাসের মধ্যে হাতে পাওয়ারও সম্ভাবনা নেই। লন্ডনে আইসিসির বার্ষিক সভায় যোগ দিতে যাওয়া বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী পত্রিকান্তরে জানিয়েছেন, আকসু কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবেই বলেছেন, তদন্ত শেষ না হওয়ায় এখনই রিপোর্ট তারা দিতে পারছেন না। সুজন বলেছেন, আকসু কর্মকর্তারা আনুষ্ঠানিক আলোচনায় তাকে এ কথা বলেছেন, ‘আকসু আমাদের জানিয়েছে যে তদন্ত এখনো শেষ হয়নি। তাই তারা এখনই রিপোর্ট দিতে পারছে না। বিপিএল নিয়ে সংশ্লিষ্ট আরো অনেকের সঙ্গে কথা বলা বাকি আছে। আকসু কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর মনে হচ্ছে, চূড়ান্ত রিপোর্ট পেতে আরো অন্তত এক মাস লেগে যেতে পারে।’ একটি টেলিভিশন চ্যানেলকে লন্ডন থেকে ঠিক একই কথা জানিয়েছেন আইসিসির সহ-সভাপতি ও বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামালও। তিনিও বলেছেন, আপাতত এই রিপোর্ট বিসিবি পাচ্ছে না। বিপিএল নিয়েই আরো কিছু খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদ করতে চায় আকসু; এমনটাই জানা গেছে।