গতকাল দ্বিতীয় দফা কাউন্টি অভিযান শুরু করেছেন সাকিব আল হাসান। এ দফা শুরুটা ভালো হল না তার দলের। নিজের নতুন দল লিস্টারশায়ারের প্রথম ম্যাচে নিজে ৩১ রান করলেও দলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাকিবকে।
আগের মৌসুমে উস্টারশায়ারের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশের এই অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার। এবার যোগ দিয়েছেন নতুন দল লিস্টারে। গতকাল ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে লিস্টারের ছিল প্রথম ম্যাচ।
নটিংহামশায়ারের বিপক্ষে বাংলাদেশের অলরাউন্ডার ব্যাট হাতে করেন ১৪ বলে ৩১ রান (৩টি চার ও ১টি ছক্কা)। সঙ্গে নিল ও’ব্রায়েনের ৪৭ রানে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান করেছিল লিস্টার। কিন্তু এই বড় স্কোরটাকেও যথেষ্ট করতে পারেনি লিস্টারের বোলাররা। সাকিব ৪ ওভারে ৩৫ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। আর নটিংহাম ২.২ ওভার বাকী থাকতে ৭ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
এদিকে গতকালই সাকিবের দল লিস্টারশায়ার ডার্বিশায়ারের মুখোমুখি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডার্বিশায়ারের ১৭৩ রানের জবাবে ১ উইকেটে ৫৮ রান সংগ্রহ করেছে লিস্টার। সাকিব ৪ ওভার বল করে ৩৭ রানে কোন উইকেট পাননি।
