ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার মনে করেছেন, ব্রাজিলের অস্থিতিশীল পরিবেশে ফিফা কনফেডারেশন্স কাপের সফল আয়োজন ফিফা গভর্নিং বডির সুনামকে আরো বৃদ্ধি করবে। ব্ল্যাটার গতকাল এক সাক্ষাত্কারে একথা বলেন। পরিবহন খাতে ব্যয় বৃদ্ধিসহ বেশ কয়েকটি সামাজিক সমস্যার বিরুদ্ধে ব্রাজিলিয়ান জনগণের আন্দোলনের এক পর্যায়ে দেখা দিয়েছিল কনফেডারেশন্স কাপ বাতিল হওয়ার শঙ্কাও। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত সফল পরিসমাপ্তির দিকেই এগোচ্ছে টুর্নামেন্টটি। আর ব্ল্যাটার মনে করছেন, উদ্ভূত পরিস্থিতিতে টুর্নামেন্টের সফল আয়োজন আয়োজক কমিটির সাফল্যেরই পরিচায়ক। তিনি বলেন, ‘ফিফা এই বিষয়টি থেকে শক্তিমত্তার সাথে বেরিয়ে এসেছে। পাশাপাশি আমাদের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে। ফুটবল এক্ষেত্রে ইতিবাচক একটা ভূমিকা পালন করেছে। বলার অপেক্ষা রাখে না এমন একটা পরিবেশে টুর্নামেন্টটা হচ্ছে যখন সামাজিক অবস্থা স্থিতিশীল নয়।’
এর পাশাপাশি আন্দোলনকারীদের প্রতি নিজের সহমর্মিতার কথাও জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট।
