ফুটবলে সহযোগিতা করতে চায় বেলারুশ

আপডেট : ২৯ জুন ২০১৩, ২২:১৮
বেলারুশ বাংলাদেশের ফুটবলের জন্য সহযোগিতার হাত বাড়াতে চায় বলে জানা গেছে। কিভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারে তা জানতে চেয়েছে দেশটি এবং বাংলাদেশও বেলারুশের সহায়তা নিতে আগ্রহের কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাইয়ের প্রথম সপ্তাহে বেলারুশ সফরে যাবেন। সফরে দ্বিপাক্ষিক বিষয়ে বেশ কিছু চুক্তি হবে। সেসব চুক্তির মধ্যে খেলাধুলার বিষয়টিও রয়েছে বলে জানা গেছে। বেলারুশ সরকার জানতে চেয়েছে খেলাধুলার ব্যাপারে তারা কিভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাওয়া পত্রের জবাব দিয়েছে বাফুফে। মহিলা জাতীয় ফুটবল দলের জন্য কোচ চেয়েছে বাফুফে। একই সাথে বিভিন্ন বয়সভিত্তিক পুরুষ ফুটবল দলের জন্যও কোচ চাওয়া হয়েছে।