চৌগাছায় মঙ্গলবার সকালে মেহেদি (১৫) নামের এক স্কুলছাত্র মা-বাবার ওপরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে শহরের ঋষিপাড়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে এবং শাহাদত্ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
নিহত মেহেদির বাবা জানান, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য সোমবার বিকেলে মোটরসাইকেল নিতে চাইলে মঙ্গলবার তার বার্ষিক পরীক্ষা থাকায় নিষেধ করি। রাতে অন্যদিনের মত সে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখি গামছা দিয়ে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
তদন্ত কর্মকর্তা চৌগাছা থানার এসআই শাহিনুর রহমান শাহিন বলেন, নিহতের পরিবার ও আত্মীয়দের কোনো অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
