আসছে আরও নতুন আইন

আপডেট : ৩০ জুন ২০১৩, ২২:২৩
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লন্ডন সভাটি হতে পারত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নানারকম জটিলতা ও স্ববিরোধিতা নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ দেয়ার বড় মঞ্চ। কিন্তু আইসিসি যথারীতি এসব স্পর্শকাতর বিষয় এড়িয়েই থাকল। বিসিসিআই সভাপতির নৈতিকতা, বিভিন্ন দেশে ফিক্সিং বিষয় আইনের মতো কাঙ্ক্ষিত বিষয়ে প্রকাশ্যে অন্তত কোনো পর্যবেক্ষণ জানায়নি আইসিসি। শুধু এটুকু জানালো যে, আইসিসি এখন থেকে দুর্নীতির বিরুদ্ধে আরো কঠোর হবে। সে কঠোরতা যে ঠিক কী কী পদক্ষেপে নিশ্চিত হবে, তাও পরিষ্কার নয়! এসব বিষয়ে পরিষ্কার কিছু না বলার পাশাপাশি আইসিসি ক্রিকেট কমিটির যে দু’টি সুপারিশ ছিল; তা নিয়েও আইসিসির বোর্ড সভা কোনো ব্যাখ্যা দেয়নি। ফলে এই সভা থেকে আর্ন্তজাতিক গুরুত্বপূর্ণ একমাত্র বিষয় দাঁড়ালো খেলার দু’টি আইন সংস্কার এবং সীমিত ওভারের ম্যাচে ‘এলইডি স্ট্যাম্প ও বেল’ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ। আইসিসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইনটি সংষ্কার করেছে, তাহল বল টেম্পারিংয়ের ক্ষেত্রে অনফিল্ড আম্পায়ারকে শাস্তি প্রদানের ক্ষমতা দেয়া। এই সিদ্ধান্তটি এলো চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে বল টেম্পারিং অভিযোগ ওঠা এবং মাঠে আম্পায়ারের অসহায়ত্বের ঘটনার পরপর। ইংলিশ বোলাররা শ্রীলঙ্কার বিপক্ষে বল টেম্পারিং করেছেন, এমন অভিযোগে আম্পায়ার আলিম দার ও বিলি বাউডেন বল পরিবর্তন করেছিলেন। সে সময় আম্পায়ারের এই সিদ্ধান্তে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন মাঠে। এবার আইসিসি আম্পায়ারকে এই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতায় দিয়ে দিল। ম্যাচ চলা অবস্থায় বলে পরিবর্তন করা হয়েছে এমন সন্দেহ হলেই প্রমাণ না পেলেও আম্পায়াররা এখন থেকে বল পরিবর্তন করবেন এবং ফিল্ডিং অধিনায়ককে প্রথম ও চূড়ান্ত সতর্কতা জানাবেন। একই ম্যাচে আবার এমন সন্দেহ হলে, প্রমাণ ছাড়াই আম্পায়ার ফিল্ডিং দলকে ৫ রান জরিমানা করতে পারবেন। ৫ রান জরিমানা এ ক্ষেত্রে আগেও করা যেত। তবে সেটা প্রমাণ সাপেক্ষে ম্যাচ রেফারি করতে পারতেন। এ ছাড়া আরেকটি আইনে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে আম্পায়াররা যে কোনো আউটের পর বল কোমরের ওপরে ওফুলটস (বিমার) বাঁ কাধের ওপরে নো বল ছিল কি না; এটা দেখার জন্য টিভি আম্পায়ারের সহায়তা নিতে পারবেন। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে এই দু’টি আইন। এ ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চালু হতে যাচ্ছে ‘জিংক্স উইকেট’। এই উইকেট ও বেলে ‘এলইডি লাইট’ ব্যবহার করা হবে। বল আঘাত করলে এই লাইটগুলো জ্বলে উঠবে। ইতিমধ্যে বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে ব্যবহূত এই স্ট্যাম্প আরেকটি পর্যবেক্ষণ শেষে আন্তর্জাতিক ক্রিকেটেও ব্যবহার করা হবে।