আগস্টের আগে নয় আকসু রিপোর্ট

আপডেট : ৩০ জুন ২০১৩, ২২:২৪
বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে গত মাস খানেক সময় ধরে সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তুটার নাম আকসু রিপোর্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ও স্পট ফিক্সিং নিয়ে আইসিসি দুর্নীতি দমন ইউনিটের (আকসু) এই তদন্ত রিপোর্ট এখন আর শুধু কৌতূহল মেটানোর ব্যাপার নয়। এর ওপর এখন নির্ভর করছে ঢাকা প্রিমিয়ার লিগের শুরু হওয়া না হওয়া এবং কয়েক খেলোয়াড় ও সংশ্লিষ্টদের ভাগ্য; সর্বোপরি বিস্ময়করভাবে বিপিএলের সর্বশেষ আসরের দেনা-পাওনাও নাকি এখন এই আকসু রিপোর্টের জন্য ঝুলে আছে! এতো গুরুত্বপূর্ণ এই আকসু রিপোর্ট লন্ডনে শনিবার শেষ হওয়া আইসিসির সভার আগে-পরে হাতে পাওয়ার আশা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু সভা চলাকালেই বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল আরো অন্তত মাস খানেকের মধ্যে এই রিপোর্ট মিলছে না। সভাশেষে আইসিসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেই পরিষ্কার বলে দেয়া হয়েছে, ‘বিপিএলের বিষয়ে আকসুর তদন্তের ব্যাপারে আইসিসি অবহিত হয়েছে। এমন গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে আকসুকে অধিকতর তদন্ত করার জন্য আইসিসি সুপারিশ করেছে।’ এই সুপারিশ ছাড়াই আকসু অবশ্য আরো কিছু তদন্ত ও জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যাচ্ছিল। শনিবার আইসিসি সভাশেষে লন্ডনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন বলেছেন, বিপিএলের কিছু বিদেশি খেলোয়াড়ের জিজ্ঞাসাবাদ বাকি আছে আকসুর। আর সেসব শেষে আগস্টের প্রথম সপ্তাহে রিপোর্টের আশা করছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘তারা (আকসু) এখনো রিপোর্ট তৈরি করতে পারেনি। বাংলাদেশের বাইরে এখনো তাদের কিছু সাক্ষাত্কার নেয়া বাকি। ফলে ওরা আমাদের কাছে রিপোর্ট দেয়ার জন্য আরো সময় চেয়েছে। আমি ওদের সঙ্গে কথা বলে একটা ব্যাপার বুঝতে পেরেছি যে, আগস্টের প্রথম সপ্তাহে হয়তো রিপোর্টটা পেতে পারি আমরা।’ রিপোর্টটা পেতে দেরি হওয়াটা যে এক ধরনের জটিলতা তৈরি করছে সেটা বিসিবি সভাপতিও বুঝতে পারছেন। এর ফলে অভিযোগের আঙুল যেসব খেলোয়াড় বা সাবেকদের বিপক্ষে উঠেছে; তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া কঠিন হয়ে পড়েছে। তবে আপাতত আশরাফুল ছাড়া রিপোর্ট না আসা পর্যন্ত সবাইকে নিয়েই চলতে চাচ্ছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আশরাফুল যেহেতু এরই মধ্যে সাময়িক নিষিদ্ধ আছে এবং পুরো রিপোর্ট আমরা যেহেতু পাইনি; তাই ওর বিপক্ষে কোনো সিদ্ধান্ত নতুন করে আমরা নিতে পারছি না। তবে সে খেলবে না এটাই সিদ্ধান্ত। বাকিরা রিপোর্ট না আসা পর্যন্ত খেলতে পারবে।’ এই পারা না পারার প্রশ্নটা আসলে আসছে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য। মার্চ থেকে গড়াতে গড়াতে এই জুলাইতে এসে ঠেকা ঢাকা প্রিমিয়ার লিগ এমনিতেই হবে কি না সে নিয়ে অনেক জটিলতা এখনো আছে। তবে শেষ পর্যন্ত লিগ স্থগিত রাখা হয়েছিল এই আকসু রিপোর্টের কারণে। এখন রিপোর্ট পেতে যেহেতু আরো দেরি হচ্ছে তাই লিগ অনতিবিলম্বে শুরু করে দেয়ার পক্ষে বোর্ড সভাপতি। পাপন বলছেন, আকসুর রিপোর্ট তারা চোখ বুজে নিয়ে নেবেন না। নিজেরাও খতিয়ে দেখবেন, তাই হয়তো একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত পেতে আরো সময় লাগবে, অতোদিন লিগ ঝুলিয়ে রাখতে চান না তিনি, ‘ওদের রিপোর্ট পেয়ে আমরা দেখব, যাদের নামে অভিযোগ এসেছে তাদের বিপক্ষে পদক্ষেপ নেয়ার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ তারা জোগাড় করতে পেরেছে কি না। আমরা নিজেরাও এরপর একটি ট্রাইব্যুনাল করে তদন্ত করতে পারি। ট্রাইব্যুনালও হয়তো সময় নেবে; সেটাও লম্বা একটা প্রক্রিয়া। ফলে এতোদিন ধরে অপেক্ষা করার অর্থ হয় না। আমরা দ্রুতই লিগ শুরু করবো।’