সিইসি গাজীপুরে যাচ্ছেন আজ

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:১০
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ আজ সোমবার গাজীপুর আসছেন। তিনি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সার্বিক প্রস্তুতি, নির্বাচনের পরিবেশ সম্পর্কে ধারণা লাভ এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, স্থানীয় সুধীমহলের সাথে মতবিনিময় করবেন। এছাড়া তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সাথে আলোচনা ও দিক-নির্দেশনা দেবেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ১১টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরল ইসলাম সভাপতিত্ব করবেন। অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনের সচিব ড. মোহাম্মদ সাদি, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত থাকবেন।