গাড়ির ভিড় এড়িয়ে এগিয়ে যেতেই কানে আসে মৃদু গানের আওয়াজ। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল পুরো উত্সব আয়োজন। চারপাশে মুগ্ধ করার মতো সাজসজ্জা। দেয়ালে দেয়ালে ইতালির বিখ্যাত অনেকের ছবি টানানো। শুধু ছবিই নয়, ছবির পাশাপাশি রয়েছে ইতালির বিখ্যাত সব শিল্পকর্মও। বলছি বেলা ইটালিয়ার ধানমন্ডি শাখার কথা। ইতালীয় পিত্জার স্বাদ দিতে তার জুড়ি মেলা ভার। ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র, ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
২০০০ সালে প্রথম যাত্রা শুরু হয় বেলা ইটালিয়ার, আর ধানমন্ডি শাখার যাত্রা বছর দুয়েক হলো। যার মালিক খন্দকার বজলুর রহমান দীর্ঘদিন ধরে ইতালিতে কাজ করেছেন এবং ইতালির বিভিন্ন খাবারের ওপর বিশেষ দক্ষতাও অর্জন করেছেন। বিশ্বসেরা ইতালির সেসব পিত্জার স্বাদ আমাদের দেশে নিয়ে আসতে এবং সবাইকে তার স্বাদ দিতেই এ আয়োজন।
মৃদু গানের তালে তালে পরিবার-পরিজন নিয়ে খেতে খেতে আড্ডায় মেতে উঠেছেন অনেকেই। বেলা ইটালিয়ায় বড় পরিবারের সবাই মিলে যেমন একসঙ্গে খাওয়া যাবে, তেমনি ছোট পরিবারের সব সদস্য পারবেন খাওয়া আর আড্ডার মজা নিতে। চারপাশে অনেকের ভিড়, যার মধ্যে রয়েছে কয়েকজন বিদেশিও। খাওয়া আর আড্ডা সব মিলিয়ে যেন এক জমজমাট আসর। প্রায় ১৭ ধরনের পিত্জা পাওয়া যায় এখানে।
ইতালির বিখ্যাত সব পিত্জার সমাহার এখানে, জানালেন বেলা ইটালিয়ার স্বত্বাধিকারী বজলুর রহমান তপন। নানা ধরনের পিত্জার মধ্যে রয়েছে পিত্জা বেলা ইটালিয়া, পিত্জা মার্গারিটা, পিত্জা মারিনারা, পিত্জা এই ফ্রুটি ডি মারি, পিত্জা গামবেরি, পিত্জা নেপলি, পিত্জা পুনগি ইত্যাদি। এসব পিত্জা ৪০০ থেকে ৬৫০ টাকার মধ্যে পাওয়া যাবে। আরেকটা বিষয় পাঠকদের আশ্বস্ত করতে চাই, পিত্জার সাইজ কত ইঞ্চি সেটা নিয়ে প্রায়শই ঝামেলায় পড়তে হয়। বেলা ইটালিয়া এক্ষেত্রে একেবারেই স্বচ্ছ। প্রতিটি পিত্জাই ১২ ইঞ্চি এবং দামটাও কিন্তু ভ্যাটসহই উল্লেখ করা হয়েছে।
পিত্জা ছাড়াও রয়েছে আরও নানা খাবারের আয়োজন। ভিন্ন ভিন্ন স্বাদের সালাদের পাশাপাশি রয়েছে আটটি আয়োজন নিয়ে সেকেন্ড ডিসেজ আর ১২টি আয়োজন নিয়ে ফাস্ট ডিসেজ। খাবার তালিকায় নানা ধরনের আয়োজন জিভে জল এনে দেওয়ার মতো! এসব খাবারই নয়, রয়েছে ডিজার্ট আর সাতটি আয়োজন নিয়ে সাইট ডিসেজ। পিত্জা ছাড়া ফাস্ট ডিসেজের বিভিন্ন খাবার পাওয়া যাবে ৩৮০ থেকে ৫০০ টাকার মধ্যে। এ ছাড়া সেকেন্ড ডিসেজের বিভিন্ন খাবার ৪০০ টাকা আর সাইড ডিসেজের বিভিন্ন খাবার ১২০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
বেলা ইটালিয়ায় সপ্তাহের প্রতিদিনই থাকে একই রেসিপি। তাই যেকোনো সময়ই গিয়ে পাওয়া যাবে এসব খাবার। একদিন সপরিবারে ঘুরে আসুন ইতালীয় খাবারের এই সাম্রাজ্য থেকে।
এক নজরে
কোথায় :এডিসি অ্যাম্পায়ার প্লাজা, প্লট ৯১, রোড ১২-এ, ধানমন্ডি, ঢাকা।
কবে যাবেন :সপ্তাহে সাতদিনই দুপুর ১২টা থেকে রাত ১১টা
কী খাবেন :পিত্জা অথবা লাজানিয়া
বিশেষত্ব :ইতালির খাবারই নয়, বেলা ইটালিয়ায় রয়েছে পুরোপুরি ইতালির আবহ। গান, ছবি, খাবার, পরিবেশ আর আয়োজন—সব মিলিয়ে এ যেন এক টুকরো ইতালি!
