ক্যামেরনের সফরের সময় পাকিস্তানে জঙ্গি হামলা

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২১:৩৮
পাকিস্তানের কোয়েটা ও পেশোয়ারে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৪৬জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আহত হয়েছে ২৫জন । প্রথমদিনের হামলায় রবিবার ১৭জন নিহত হয়। আধাসামরিক বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়। গাড়িবহরে আঘাত না হানতে পারলেও এতে পাশের একটি মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় হামলাটি হয়েছে পশ্চিমাঞ্চলের কোয়েটায়। আত্মঘাতী বোমা হামলাকারী হাজারা শহরের একটি মসজিদের কাছে হামলা করে এতে আরো ২৪জন নিহত ও ৬৫জন আহত হয়। উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তে একটি সামরিক যানে বোমা হামলায় ৪ সেনা নিহত হয়েছে। খবর আল জাজিরা ও রয়টার্সের। পাকিস্তানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দু’দিনের সফরের সময় এ হামলা হল। পাকিস্তান ও ব্রিটেনের প্রধানমন্ত্রী নিরাপত্তার ব্যাপারে আলোচনা করছেন। তালেবানবিরোধী লড়াইয়ে পাকিস্তানের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ব্রিটেন। নওয়াজ শরীফ বলেন, পাকিস্তান নতুন উদ্যমে তার বন্ধু দেশগুলোর সহযোগিতায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করবে। ক্যামেরন বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে প্রযুক্তি ও নিরাপত্তা সরঞ্জাম দিয়ে পাকিস্তানকে সাহায্য করবে ব্রিটেন। পেশোয়ার জঙ্গিদের অন্যতম আস্তানা। গত কয়েক বছরে এ এলাকায় বহু বোমা হামলা এবং হত্যার ঘটনা ঘটেছে। গত ২৭ জুন এ নগরীতে গুলিতে নিহত হয়েছে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও তার চালক। এর তিনদিন আগে কাছাকাছি একটি এলাকায় এক আত্মঘাতী বোমা হামলায় ১৫জন নিহত হয়। রবিবারের বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সন্দেহের তীর তালেবানদের দিকেই যাচ্ছে।