মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রোববার মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার শেষ মুহূর্তের চেষ্টা চালান। এদিকে অচলাবস্থা ভাঙতে গত কয়েকদিনের কূটনৈতিক তত্পরতা ব্যর্থ হয়েছে বলে ইসরাইলী গণমাধ্যমে খবর বেরিয়েছে।
কেরি গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত প্রায় ১৩ ঘন্টা ইসরাইলী প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। একটি হোটেলে উভয় নেতার মধ্যে রোববার ভোর চারটার দিকে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই হোটেল থেকে জেরুজালেমের পুরনো শহর দেখা যায়।
এরপর ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের জন্য রবিবার তার পশ্চিম তীরের রামাল্ল¬ায় যাওয়ার কথা রয়েছে। আব্বাসের সঙ্গে কেরির এর আগের দুটি বৈঠক আম্মানে অনুষ্ঠিত হয়।
ইসরাইলের সেনাবাহিনী নিয়ন্ত্রিত রেডিও’র খবরে বলা হয়, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করতে কেরির উদ্যোগ ব্যর্থ হয়েছে। গত তিন বছর ধরে আলোচনা নিয়ে অচলাবস্থা চলছে।
