যুক্তরাষ্ট্রের আঁড়িপাতা

ইউরোপীয় পার্লামেন্ট প্রধানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২১:৩৯
মার্কিন সরকার ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে আঁড়ি পেতেছে বলে খবর বেরোনোর পর ‘স্তম্ভিত’ ইউরোপ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইউরোপীয় পার্লামেন্টের প্রধান মার্টিন গুলজ এ ব্যাপারে আমেরিকার কাছে পূর্ণ ব্যাখ্যা দাবি করেছেন। তিনি বলেছেন, এ অভিযোগ সত্যি হয়ে থাকলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর মারাত্মক প্রভাব পড়বে। ২০১০ সালের মার্কিন গোপন নথির বরাত দিয়ে জার্মানির সাপ্তাহিক পত্রিকা ডাব স্পাইজেল-এ প্রকাশিত খবরে বলা হয়েছে, মার্কিন সরকার নিউইয়র্ক এবং ওয়াশিংটনে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের দপ্তরে গুপ্তচরবৃত্তি করেছে। পত্রিকাটি জানিয়েছে, বহুল আলোচিত সিআইএ’র সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন এ কথ্য ফাঁস করেছেন। ৩০ বছর বয়স্ক তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ এডওয়ার্ড স্নোডেন ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের একটি গোপন নজরদারি কার্যক্রমের তথ্য গণমাধ্যমের কাছে ফাঁস করে দেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার হয়ে চুক্তিভিত্তিক কাজ করার সময় স্নোডেন এসব তথ্য সংগ্রহ করেন। স্নোডেনের দেয়া তথ্য থেকে জানা যায়, প্রতিদিন সারা পৃথিবী জুড়ে লাখ লাখ ফোন, ই-মেইল এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে বার্তা বিনিময় হচ্ছে তার ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নজর রাখছিল। সিআইএর সাবেক এই গোয়েন্দা তথ্য বিশ্লেষক এডওয়ার্ড স্নোডেন তাদের এই নথি দেখিয়েছে বলে উল্লেখ করেছে জার্মান পত্রিকাটি।