মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের দাঙ্গা

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২১:৩৯
সামপ্রদায়িক সহিংসতা কবলিত মিয়ানমারের রাখাইন রাজ্যে আবার সংখ্যা গরিষ্ঠ বৌদ্ধদের সঙ্গে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে জাতিগত ও সামপ্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এবার রাজ্যটির উপকূলীয় একটি শহরে দাঙ্গাকারীরা দুটি বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে। রবিবার সন্ধ্যায় ওই দুটি বাড়িতে আগুন দেয়া হয় বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা। খবর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সোমবার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। গত এক বছরে মিয়ানমারে সামপ্রদায়িক বৌদ্ধ-মুসলিম জাতিগত ও সামপ্রদায়িক দাঙ্গায় কমপক্ষে ২৩৭ জন নিহত এবং দেড় লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে। ঘটনার শিকারদের অধিকাংশই মুসলিম এবং হতাহতের ঘটনার অধিকাংশই রাখাইন রাজ্যে সংঘটিত হয়েছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, রাজ্যটিতে প্রায় ৮ লাখ রোহিঙ্গা মুসলিম বসবাস করে। অন্য ধর্মের এক লোক এক নারীকে ধর্ষণ করেছে এমন গুজব ছড়িয়ে পড়লে রোববার সন্ধ্যায় প্রায় ৫০ জনের একটি দল থান্ডউয়ি শহরের একটি থানার সামনে জড়ো হয়, সরকারের একজন মুখপাত্র ইয়ে হটুট তার ফেইসবুক স্ট্যাটাসে জানিয়েছেন। পুলিশ তাদের চলে যেতে বললে উত্তেজিত লোকজন এরপর মুসলিমদের দুটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে তিনজন মুসলিম অগ্নিদগ্ধ হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ইয়ে ও। ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে মিয়ানমার পুলিশ কাজ করছে বলে দাবি করেছেন ইয়ে হটুট।