নেইমারের বিশ্বাস স্পেনকে হারিয়ে কনফেডারেশন কাপ জয়ের মধ্য দিয়ে তার দেশ আবার ফুটবল বিশ্বের কাছ থেকে সমীহ আদায় করতে পারলো। অপরদিকে ব্রাজিল কোচ লুই ফিলিপ স্কোলারি জানিয়েছেন তারা এখন বিশ্বকাপের স্বপ্ন দেখতে পারেন।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে গোল্ডেন বল পাওয়া খেলোয়াড়টি বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সাড়া জাগানো এ জয়ে গোলের পাশাপাশি অনবদ্য খেলেন। তিনি বলেন, ‘ব্রাজিল বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ব্রাজিলের জাতীয় দল আবার স্বমহিমায় ফিরছে। বিশ্বের সেরা দলের বিরুদ্ধে জয়ের সুবাদে আমরা দেখিয়ে দিয়েছি যে আমাদের সমীহ পাওয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘ব্রাজিল দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়াটাই ছিল মুখ্য এবং তারা টুর্নামেন্ট চলাকালেই ক্রমোন্নতি করে গেছে। আমরা কিছুই লুকাইনি, আমরা কেবলই দৌড়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শক্তিমত্তা দেখিয়ে খেলেছি। এটা প্রমাণ করে আমরা একটা শক্তিশালী দল। যেভাবে দল খেলেছে তাতে আমি খুবই খুশি। আমরা নিজেদের প্রত্যাশার চেয়েও ভাল খেলেছি।’
আগামী মৌসুমে স্পেনের বার্সেলোনায় খেলতে যাওয়া নেইমার জানান, তিনি নিজের নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেলেও এতে অবদান আছে সতীর্থদের। তিনি বলেন, এই পুরস্কার বিশেষ কিছু। তবে ১১ জন খেলোয়াড়ের প্রত্যেকেরই তা পাওয়া উচিত। শুধু আমার নয়।
স্কোলারি বলেন, কেউই বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এমন প্রতাপান্বিত জয় আশা করেনি। আমি অবশ্য মাঠের সমর্থনের কথাও উল্লেখ করবো। ২০১৪ সালের স্বাগতিক হিসেবে নিজের দেশে অনুষ্ঠেয় বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখনো পরিপূর্ণ দল হয়ে উঠিনি। তাই আমাদের আরো উন্নতি করতে হবে।
