কনফেডারেশন্স কাপের শিরোপা মরিচিকাই হয়ে থাকলো বিশ্ব এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের জন্য। ব্রাজিলের কাছে গত রবিবার ফাইনালে বিধ্বস্ত হওয়ার পর তাদের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন এবার স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ ভিসেন্তে দেল বস্কও।
টানা দুই বারের ইউরোপ সেরার স্বীকৃতি, সঙ্গে বিশ্বকাপও। শুধু মাঠেই নয়, মাঠের বাইরে ক্লাব পর্যায়ের খেলায়ও গত কয়েক বছর ধরেই ছিল স্প্যানিশ আধিপত্য। জাভি, ইনিয়েস্তা, ক্যাসিয়াসদের ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি নিজেদের মধ্যকার দারুণ রসায়ন তাদের পরিণত করেছিল প্রায় অজেয় এক দলে। সর্বশেষ ২৯ ম্যাচে অপরাজিত থাকার তথ্য প্রমাণ করছে সে কথাই। কিন্তু ফুটবলের সুতিকাগার ব্রাজিলে এসে শেষ পর্যন্ত তারা হারিয়ে ফেললো তাদের দুর্দমনীয় রূপটি। বলা যায় উড়ন্ত স্পেনকে মাটিতে নামিয়ে আনলো সেলেসাওরা। আর সেটা মেনে নিলেন বস্কও। স্প্যানিশ টিভি চ্যানেল টেলিসিঙ্কোকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘খেলার শুরুতে হয়তো ভাগ্য আমাদের পক্ষে ছিল না। প্রথমার্ধের শেষ দিকে এবং দ্বিতীয়ার্ধের শুরুতেও আমরা বেশ কয়েকবার ভাগ্য বিড়ম্বনার শিকার হয়েছি। তবে এটা কোন অজুহাত হতে পারে না। এটা বলার অপেক্ষা রাখে না যে, ব্রাজিল আমাদের চেয়ে শ্রেষ্ঠতর দল ছিল এবং তাদেরকে অভিনন্দন।’
অন্যদিকে ম্যাচে পেনাল্টির সুযোগ হাতছাড়া করা সার্জিও রামোসের অনুভূতি হচ্ছে, এদিন ফুটবল দেবতাই ছিলেন স্পেনের বিপক্ষে। তবে ব্রাজিলকে শ্রেয়তর দল হিসেবে মেনে নিতেও কোন আপত্তি নেই তার। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার বলেন, ‘আমরা রোবট নই যে প্রতি ম্যাচেই নিজেদের মতো করে সবকিছু করবো। আমরা অনেক কিছু অর্জন করেছি তবে কখনো কখনো এমন দিন আসবে যখন আপনি জিতবেন না। কখনো কখনো আপনার মন মতো কিছুই ঘটবে না আর আজ প্রথম মিনিট থেকে সেটাই হয়েছে।’
