ইতালি অধিনায়ক ও গোলরক্ষক বুফনের কৃতিত্বে ইতালি কনফেডারেশন কাপ ফুটবলে তৃতীয় স্থান পেলো। গত রবিবার রাতে তৃতীয়স্থান নির্ধারণী এ খেলাটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ইতালি বুফনের নৈপুণ্যে ৩-২ গোলে হারায় উরুগুয়েকে। বুফন টাইব্রেকারে তিনটি শট রুখে দেন।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি সেমিফাইনালে দুর্দান্ত খেললেও ভাগ্যের দোষে ফাইনালে উঠতে পারেনি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে ৭-৬ গোলে হারে ইতালি। অপর সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালির প্রতিপক্ষ হয় উরুগুয়ে।
ডিফেন্ডার ডেভিড আস্তোরির ২৪ মিনিটে দেয়া দুর্দান্ত গোলে প্রথম এগিয়ে যায় ইতালি। দ্বিতীয়ার্ধে বল মাঠে গড়ানোর ১৩ মিনিট পর ইতালিকে হতাশায় ডুবায় উরুগুয়ে। স্ট্রাইকার এডিসন কাভানির গোলে সমতা আনে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা। এরপর আক্রমণাত্মক হয়ে উঠা ইতালি ৭৩ মিনিটে অ্যাটাকিং মিডফিল্ডার আলেসান্দ্রো ডিয়ামান্তির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। কিন্তু বেশিক্ষণ এ অগ্রগামিতা ধরে রাখতে পারেনি দলটি। কেননা ৭৮ মিনিটে কাভানির দ্বিতীয় গোলে ব্যবধান দাড়ায় ২-২। অতিরিক্ত সময়ে দুই দল সমানে লড়লেও আর কোন গোল না হওয়ায় খেলাটি গড়ায় টাইব্রেকারে। বাসস
