গত মার্চে শুরু হওয়ার কথা ছিল চলতি মৌসুমের ঢাকা মহানগরী প্রিমিয়ার লিগ। শেষ পর্যন্ত পেছাতে পেছাতে এই জুলাই মাসে এসে পড়া লিগ সর্বশেষ আটকে ছিল আইসিসি দুর্নীতি দমন ইউনিটের (আকসু) রিপোর্টের অপেক্ষায়। কিন্তু আগামী আগস্টের প্রথম সপ্তাহের আগে আকসু রিপোর্ট পাওয়ার কোন সম্ভাবনা নেই। তাই আর অপেক্ষায় না থেকে দ্রুতই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করে ফেলতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সোমবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমনটাই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবির আশঙ্কা ছিল, একবার লিগ শুরু হয়ে যাওয়ার পর বিপিএল ফিক্সিংয়ের রিপোর্ট এলে কোনো কোনো ক্লাবের খেলোয়াড়রা নিষিদ্ধ হয়ে যেতে পারেন; তখন বিপদে পড়বে ক্লাবগুলো। এখনও সে আশঙ্কা আছে। তারপরও ঝুঁকি নিয়ে লিগ শুরু করতে চায় বোর্ড, ‘প্রিমিয়ার লিগ আয়োজনে এখন আর কোন বাধা নেই। আসলে আমরা চাচ্ছিলাম, আকসু রিপোর্ট হাতে পাওয়ার পর লিগ শুরু করতে। সেটা করতে পারলেই ভাল হত। কিন্ু্ত এখন যেহেতু রিপোর্ট হাতে পেতে দেরী হবে তাই আমাদের আর অপেক্ষা করার কোন সুযোগ নেই।’
যদিও আকসু রিপোর্ট প্রায় একমাস আগেও পাওয়ার কথা ছিল। সর্বশেষ লন্ডনে পাওয়ার কথা ছিল রিপোর্ট। লন্ডনেও সভাপতি জানিয়েছেন, কেন সেটা বিলম্ব হবে; কাল আবার বললেন, ‘আকসু তাদের বাংলাদেশের তদন্ত এর মধ্যেই শেষ করে ফেলেছে। কিন্তু এখন তদন্তের জন্য তাদের বাইরের কয়েকজনের সাথে কথা বলতে হবে। এজন্যই রিপোর্ট আসতে দেরী হচ্ছে।’
বোর্ড সভাপতি আশাবাদ ব্যক্ত করে জানান, সব ঠিক থাকলে আগামী দু’সপ্তাহের মধ্যেই প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু হতে যাচ্ছে, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে লিগ শুরু করতে চাই। সব ঠিক থাকলে দুই সপ্তাহ বা আরও কম সময়ের মধ্যে লিগ শুরু হবে।’ এই ব্যাপারে আগামীকাল বোর্ড মিটিংয়ে বসার কথা জানালেন তিনি।
এছাড়া লন্ডনে বলা আরেকটি বিষয় আবারও বলতে হল সভাপতিকে। ২০১৪ বিশ্বকাপের ভাগ্য নিয়ে আবারও বললেন যে, আর কোনো অনিশ্চয়তা নেই। আগস্টের পরিদর্শনে আইসিসি সন্তুষ্ট হবে বলেই তার ধারণা।
