ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

ওয়েস্ট ইন্ডিজের শ্বাসরুদ্ধকর জয়

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:১৬
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে এক উইকেটে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সহজ লক্ষ্য তাড়ায় নেমে ম্যাচের এক পর্যায়ে হোচট খেলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা। ম্যাচ শেষে জয়টাকেই বড় করে দেখতে চাইলেন ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসা বিরাট কোহলি হারের জন্য দুষলেন উইকেটকে। এদিকে আজ একই ভেন্যুতে ভারত খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। কেমার রোচের জন্ম দিন ছিল রবিবার। আর অসাধারণ একটি ম্যাচ খেলে পেয়ে জন্মদিনটাকে স্মরণীয়ই করে রাখলেন তিনি। উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতার পর টিনো বেস্টকে সঙ্গে নিয়ে তিনিই দলের জয় নিশ্চিত করেন। ২৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ক্যারিবীয়রা ২৬ রানেই তিন উইকেট হারিয়ে বসে। এরপর চতুর্থ উইকেটে ম্যাচ সেরা জনসন চার্লস, ড্যারেন ব্রাভোকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেন। দলীয় ১৪২ রানে ব্রাভো ফিরে গেলেও চার্লস লড়ে যাচ্ছিলেন। সেঞ্চুরিটাকে যখন তার পাওনা বলেই মনে হচ্ছিল তখনই ব্যক্তিগত ৯৭ রানে ফিরে যান তিনি। জয়ের জন্য তখনও দরকার ১৯ রান। এর পরপরই সুনীল নারিনও ফিলে গেলে মনে হচ্ছিল তীরে এসে তরী ডোবাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বেস্টকে সঙ্গে নিয়ে বাকি পথটুকু নিরাপদেই পাড়ি দেন রোচ। এর আগে রোহিত শর্মা, সুরেশ রাইনাদের মাঝারি কয়েকটি ইনিংসে নির্ধারিত ওভার শেষে সাত উইকেটে ২২৯ রান তোলে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশাজনক ফলের পর দলের টানা দু’টি জয়ে স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত নিয়মিত অধিনায়ক ডোয়াইন ব্রাভোর বদলে এদিন অধিনায়কত্ব করা পোলার্ড। তিনি বলেন, ‘আমরা নিজেরাই এই পরিস্থিতি সৃষ্টি করেছি। তবে শেষ পর্যন্ত যে জয়টা এসেছে আমি তাতেই খুশি। আমরা দু’টি জয় নিয়ে ত্রিনিদাদে যেতে চেয়েছিলাম। আমরা কিভাবে এটা করলাম সেটা মুখ্য না, আসল ব্যাপার হচ্ছে আমরা এটা করতে পেরেছি।’ অন্যদিকে কোহলি উইকেটের অদ্ভুত আচরণে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘দ্বিতীয় ইনিংসে উইকেট যেরকম আচরণ করেছে তাতে আমাদের রান যথেষ্ট ছিল না। তবে সকালে উইকেটটা ছিল একেবারেই অন্যরকম।’