ক্যা ম্পা স তা র কা

ভালো গান করতে চাই

আপডেট : ০২ জুলাই ২০১৩, ১৯:২৯
ক্যাম্পাসের প্রিয়মুখ সাবিত। অধিকাংশ শিক্ষার্থীর মুঠোফোনে বেজে উঠে সাবিতের গান। ক্যাম্পাসের আড্ডায় সাবিতের গান ছাড়া যেনো জমেই না। আমাদের এবারের তারকা দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সাবিত আইয়ুব। কথা হলো সাবিতের সঙ্গে। গানের সঙ্গে আছেন প্রায় ১০ বছর হল। ইতোমধ্যে কাজ করেছেন অনেক তারকা শিল্পীদের সাথে। এছাড়া গুণি এ ছেলেটা নিজে খুব ভালো কি-বোর্ড বাজাতে পারেন। গানের ভুবনে অল্প সময়ে নাম করে ফেলা সাবিত বিভিন্ন স্টেজ-শো করেন প্রতিনিয়ত। তবে সঙ্গীত পরিচালক হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন সাবিত আইয়ুব। সম্প্রতি ‘অনুভবে তুমি’ নামক অ্যালবাম করেছেন। নিজে গানও করেছেন এ অ্যালবামে। এটি বাজারে আসছে শীঘ্রই। এছাড়া এ অ্যালবামে গান করেছেন নিশাত বড়ুয়া এবং চম্পা বণিক। নাটকের গানেও কাজ করেছেন সাবিত। এবারের ঈদের আগের দিন বৈশাখী টিভিতে নাটক ‘ওমশূন্য’ প্রচারিত হবে। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক ‘সাই’ কম্পোজ করেছেন সাবিত আইয়ুব। এতে গান করেছেন সুবীর নন্দী এবং সাবিনা ইয়াসমিন। নাটকটিতে অভিনয় করেছেন চিত্র নায়িকা পপি। বর্তমানে কিছু মিক্সড অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছেন সাবিত। দুই ভাই, এক বোন সাবিতরা। বেড়ে উঠেছেন ঢাকাতেই। গান পাগল সাবিত নিজেকে নিয়ে বলতে গিয়ে বলেন, ‘আমার বেড়ে উঠা গানের সঙ্গে। ছোটবেলায় বন্ধুদের আড্ডায় গান করতাম। তারা উত্সাহ দিত। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই পূর্ণতা পেতে থাকে গানের ক্যারিয়ার।’ একটু আবেগী কণ্ঠে সাবিত বলেন, ‘পুরোদমে হয়ে উঠেছি গানের মানুষ। অসংখ্য মানুষ উত্সাহ দিয়েছে আমাকে। আমি চাই গানের মানুষ হয়ে বেঁচে থাকতে। সুস্থ ধারার গান করতে। ভালো গান করতে চাই। আমার গানের কম্পোজ, টিউন সবই নিজে করি।’