অনলাইনে প্রশিক্ষণ প্রদান করবে উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ, পরামর্শ ও গবেষণা সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ফিউচারলিডারস। আর এ ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রদান করবে কমজগত্ টেকনোলজিস। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কমজগত্ টেকনোলজিস কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কমজগত্ টেকনোলজিসের প্রধান নির্বাহী আবদুল ওয়াহেদ তমাল ও ফিউচারলিডারস গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী এম আহমেদ। চুক্তি অনুয়ায়ী কমজগত্ টেকনোলজিসের ই-লার্নিং প্ল্যাটফর্ম ওয়েব টিভি নেক্সট ডটকম (www.webtvnext.com/futureleaders) ওয়েবসাইটের মাধ্যমে ফিউচারলিডারসের অনলাইন প্রশিক্ষণগুলো সরাসরি সম্প্রচার করবে। নির্দিষ্ট আইডির মাধ্যমে প্রশিক্ষণে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে আগ্রহীরা অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারীরা ভিডিও, ভয়েস ও টেক্সট চ্যাটের মাধ্যমে কোনো প্রশ্ন থাকলে জানতে ও বুঝে নিতে পারবে।
