আফগানিস্তানে ন্যাটো ঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ১১

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২০:৪১
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলে ন্যাটোর একটি সরবরাহ ঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। হামলায় উভয়পক্ষের ১১ জন নিহত হয়েছে। হামলাকারীরা মঙ্গলবার ভোরে ঘাঁটির একটি গেটে প্রথমে বিস্ফোরক ভর্তি গাড়িবোমা হামলা চালায়। এরপর তারা নিরাপত্তা বাহিনীর ওপর বন্দুক দিয়ে গুলিবর্ষণ করতে থাকে। কাবুলের পুলিশ প্রধান মোহাম্মদ আইয়ূব সালাঙ্গি বলেন, হামলাকারী চার জঙ্গির সবাই নিহত হয়েছে। অন্যদিকে নিরাপত্তাবাহিনীর সাতজন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মীদের মধ্যে চারজন নেপালী নিরাপত্তা কর্মী, একজন আফগান নিরাপত্তা কর্মী এবং সরবরাহ কোম্পানিতে কর্মরত দুইজন ট্রাক চালক রয়েছে। আহত হয়েছে আরো তিনজন। পুলিশ প্রধান জানান, বিস্ফোরক ভর্তি ট্রাক হামলায় ঘাঁটির বাইরে ৬ মিটার গভীর এবং ১৫ মিটার প্রশস্ত একটি গর্তের সৃষ্টি হয়েছে। আতিকুল্লাহ নামের এক ট্রাক চালক বলেন, আমরা ফজরের নামাজ পড়ছিলাম। হঠাত্ প্রচণ্ড শব্দ শুনে আমরা বুঝতে পারি হামলার ঘটনা ঘটেছে। প্রাণ বাঁচাতে আমরা সেখান থেকে অন্য একটি কোম্পানির ভেতরে আশ্রয় নেই। এসময় বিস্ফোরণের সাথে সাথে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই ন্যাটো বাহিনীর সদস্যরা এসে তাদের সাথে যুদ্ধ করে হত্যা করে। এক ইমেইল বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তিনি বলেন, আমাদের বেশ কয়েকজন হামলাকারী ন্যাটোর সরবরাহ গুদামে হামলা চালিয়েছে। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী এক ঘোষণায় বলেন, ন্যাটো বাহিনী আফগান নিরাপত্তা কর্মীদের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর পর গত এক মাসে তিন শতাধিক আফগান পুলিশ সদস্য নিহত হয়েছে। মন্ত্রীর ঘোষণার পরদিনই এ হামলার ঘটনা ঘটল।