পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট পিছিয়ে রমজান মাসের পরে নিয়ে যাবার দাবি নিয়ে আবারও আবেদন করা হয়েছে ভারতের সুপ্রীম কোর্টে। শুক্রবার শীর্ষ আদালত পঞ্চায়েত ভোটের যে দিনক্ষণ ঠিক করে দিয়েছিল, সেই সময়ে রমজান মাস শুরু হয়ে যাবে। রমজানের মধ্যে মুসলমান ভোট কর্মী আর মুসলমান ভোটার ও প্রার্থীদের অসুবিধা হবে—তাই ভোট পিছিয়ে দেয়ার আবেদন করেছে রাজ্য সরকার ও মুসলমানদের কয়েকটি সংগঠন।
প্রায় তিনমাস ধরে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে ভোটের দিনক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে আইনী লড়াই চলছিল, গত শুক্রবার সেই মামলার রায় দিয়ে নতুন দিনক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ জারি করে সুপ্রীম কোর্ট। আগে নির্ধারিত ২ জুলাই থেকে ভোট পিছিয়ে দিয়ে ১১ জুলাই থেকে বাড়তি নিরাপত্তা বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ জারি করে সুপ্রীম কোর্ট। সোমবার সেই রায়ের পুনর্বিবেচনা করার আবেদন জানায় রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের সাংসদ ও রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ ব্যানার্জী দিল্লীতে সাংবাদিকদের বলেন, মুসলমানদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আর রাজ্য সরকার সোমবার ভোট পিছিয়ে দেয়ার আর্জি জানায়। আমাদের বলা হয় রায় পুনর্বিবেচনার আবেদন জানাতে। ওই আবেদনে আমরা একটাই কথা বলব যে রমজান মাসের মধ্যে যাতে ভোট না করা হয়। তারপরে নতুন করে ভোটের তারিখ ঠিক করা হোক। ভোট পিছিয়ে দেয়ার জন্য সুপ্রীম কোর্টে আবেদন করার সঙ্গে সঙ্গেই সোমবার মুসলমানদের সংগঠনগুলো কলকাতায় একটি মিছিলও সংগঠিত করে। নির্বাচন কমিশনের কাছে একটি ডেপুটেশনও দিয়েছে তারা। ওদিকে, ভোট পিছিয়ে দেয়ার মামলা সুপ্রীম কোর্টের কাছে নতুন করে চলে যাওয়ায় রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশাসনিক ও সর্বদলীয় বৈঠক বাতিল করে দিল্লি রওনা হন সোমবার।
