বন্দুকধারীরা সোমবার আল-কায়েদা বিরোধী সাবেক আটজন যোদ্ধাকে হত্যা করেছে। তাদেরকে উত্তর বাগদাদের তাদের বাড়ি থেকে অপহরণ করে হত্যা করা হয়। তাদেরকে অপহরণ করার সময় বন্দুকধারীরা সামরিক পোশাক পরিহিত ছিল। সরকারি কর্মকর্তারা একথা জানান। সামপ্রতিক দিনগুলোতে সুন্নি আরব উপজাতীয় মিলিশিয়ার বিরুদ্ধে ধারাবাহিক হামলার ঘটনার পর এদের হত্যা করা হলো। ইরাকে অনেক দিন ধরেই রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে এবং সুন্নি সমপ্রদায়ের লোকেরা বিগত কয়েক মাস ধরে বিক্ষোভ করে আসছে। ইরাকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশটিতে এ ধরনের অস্থিরতা বিরাজ করবে বলে বিশ্লেষকরা ধারণা করছে। সেখানে আগামী বছর নির্বাচন হওয়ার কথা রয়েছে। বন্দুকধারীরা ভোরে সাবেক আট যোদ্ধাকে তাদের বাড়ি থেকে অপহরণ করে বাগদাদের উত্তরে মিশাহাদায় তাদেরকে হত্যা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ও হাসপাতাল সূত্র জানায়, পরে ওই শহর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়। নিহত এ আটজনই শাবার সাবেক যোদ্ধা ছিল। সংগঠনটি ২০০৬ সাল থেকে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ নিয়ে আল-কায়েদার বিপক্ষে কাজ করে।
