ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান, সর্বশেষ গ্র্যান্ড স্ল্যামেও শিরোপা এবং টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড! কোন টুর্নামেন্টে একজন খেলোয়াড় সর্বশেষ কবে এতটা ফেভারিট ছিলেন চলতে পারে সে গবেষণাও! কিন্তু এতসব পরিসংখ্যান, তথ্য-উপাত্ত আর পূর্বানুমানকে মিথ্যা প্রমাণ করে গত সোমবার উইম্বলডনের শেষ ষোলো থেকেই বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস। বলা ভালো চলমান ‘অঘটনের টুর্নামেন্ট’ উইম্বলডনের সর্বশেষ শিকার হয়ে বিদায় নিলেন সেরেনা!
এখন তাই এই আমেরিকান তারকার কোচ প্যাট্রিক মৌরাতোগলুর কথাই মেনে নিতে হচ্ছে—সেরেনাও একজন মানুষ, তিনিও অঘটন আর দুর্ভাগ্যের ঊর্ধ্বে নন। তবে সেরেনা চলে গেলেও এখন পর্যন্ত অঘটন দাঁত বসাতে পারেনি নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারের ওপর; শেষ আটে পা রেখেছেন দু’জনই।
এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারলে বড় বোন ভেনাস উইলিয়ামসের গড়া টানা ৩৫ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙ্গে ফেলতেন। সেরেনা সেটা পারবেন কিনা, এ বিষয়ে তার বিপক্ষে বাজি ধরার লোকও বোধহয় খুব বেশী খুঁজে পাওয়া যেত না। আর দ্বিতীয় রাউন্ডে ‘কালো বুধবারের’ শিকার হয়ে মারিয়া শারাপোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কারা বিদায় নিলে মনে হচ্ছিল অনায়াসেই শিরোপা জিততে যাচ্ছেন সেরেনা। কিন্তু শতবর্ষী এই টেনিস টুর্নামেন্টটির এবারের আসরটাই বোধহয় অন্যরকম। আবার অঘটনের বলি হয়ে চতুর্থ রাউন্ডের লড়াইয়ে জার্মানির স্যাবাইন লিসিকির কাছে ৬-২, ১-৬, ৬-৪ গেমে হারতে হলো এই আমেরিকান তারকাকে।
তবে সেরেনার অন্যতম কোচ এবং পার্টনার প্যাট্রিক এটাকে একটা খারাপ দিনের বেশী কিছু ভাবতে রাজি নন। প্যাট্রিক বলেন, ‘সেও একজন মানুষ। কেউ যদি সর্বকালের সেরা খেলোয়াড়ও হয়, তবুও আপনি তার কাছ থেকে সব ম্যাচ জেতার আশা করতে পারেন না।’
আর এই একটা হারেই যে সেরেনা শেষ হয়ে যাবেন না সেটাও বলেছেন প্যাট্রিক, ‘আমার এখনো মনে হয়, সে আগের চেয়ে ভাল ফর্মেই আছে। কিন্তু তারও খারাপ দিন আসতে পারে। সুতরাং, সে কিছু ম্যাচ হারতে পারে আর আমাদের সেজন্য প্রস্তুত থাকতে হবে।’
এই ম্যাচটাকে অন্য আরেকটা ম্যাচের মতোই মানতে চান সেরেনাও। অঘটন শব্দটাতেও আপত্তি আছে তার। তিনি বলেন, ‘এটা কোন অঘটন নয়। আমি যেমনটা বলেছি, সে (লিসিকি) আসলেই ঘাসের কোর্টে দারুণ দক্ষ। তার সার্ভও দুর্দান্ত। সুতরাং, তার বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে আপনাকে মনে রাখতে হবে, এটা মোটেই সহজ কিছু নয়।’
এদিকে সেরেনার বিদায়ের দিনে প্রত্যাশিত জয় পেয়েছেন পুরুষ এককের শীর্ষ বাছাইরা। দিনের শেষ ম্যাচে জোকোভিচ ৬-১, ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন টমি হাসকে। আর মারে ৬-৪, ৭-৬ (৭-৫), ৬-১ গেমে হারিয়েছেন রাশিয়ার মিখাইল ইয়ুজনিকে। এ দু’জন বাদেও কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছেন ডেভিড ফেরার, ফার্নান্দো ভার্দেসো এবং হুয়ান মার্টিন দেল পোত্রো।
