আজ বিসিবির জরুরি বৈঠক

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:০৯
বাংলাদেশের ক্রিকেট এমন টালমাটাল পরিস্থিতিতে পড়েনি অনেক দিন হল। আকসু রিপোর্ট, বিপিএলে ফিক্সিং, নির্বাচন, আইসিসিতে সদস্যপদ, প্রিমিয়ার লিগ, নির্বাচক কমিটি নিয়ে জটিলতা; একটার পর একটা উত্তপ্ত ইস্যু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এডহক কমিটির সামনে। আর এর কয়েকটিরই ফয়সালা করতে আজ জরুরি সভায় বসার কথা বিসিবি পরিচালকদের। গতকাল সন্ধ্যা পর্যন্ত ঠিক ছিল যে, আজ সকাল সাড়ে ১১টায় এই সভা শুরু হবে। কিন্তু আগামীকাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল একটু ভাবনায় ফেলে দিয়েছে বিসিবিকে। হরতালকে বিবেচনায় নিয়ে সভা বিকালে চলে যেতে পারে। আগামীকালের সভায় দুটি বিষয় অন্তত চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রথমত নির্বাচক কমিটির ব্যাপারটা। আকরাম খানের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মেয়াদ গত ৩০ জুন শেষ হয়ে গেছে। আকরাম খান আর দায়িত্ব চালিয়ে যেতে ইচ্ছুক নন। বোর্ড সভাপতি লন্ডন থেকে আইসিসি সভা শেষ করে দেশে ফিরেই বলেছেন, এই বিষয়টি বোর্ড সভায় চূড়ান্ত করা হবে। নির্বাচক কমিটির আকার বাড়ানোরও একটি প্রস্তাব আছে। সে ক্ষেত্রে নতুন সদস্য কারা কারা হবেন, প্রধান নির্বাচক কে হবেন; চূড়ান্ত হতে পারে আগামীকাল। এছাড়া ঠিক হয়ে যেতে পারে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল ও শুরুর দিনক্ষণ। মার্চ মাস থেকে লিগ পেছাতে পেছাতে এই জুলাইতে এসে ঠেকেছে। সর্বশেষ খেলোয়াড় ও ক্লাবগুলোর বিভিন্ন আপত্তি সত্ত্বেও দলবদলের তারিখ ঘোষণাও হয়েছিল। কিন্তু আকসু রিপোর্টের জন্য সেই দলবদল পিছিয়ে দেয়া হয়। বোর্ড সভাপতি বলেছেন, এবার আকসু রিপোর্ট পাওয়ার আগেই লিগ শুরু করে দেয়া হবে। আগামীকালের সভায় সেই শুরুর তারিখও পাওয়ার আশা করা হচ্ছে। এছাড়া নির্বাচন সম্পর্কে করণীয়, ২০১৪ বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও আলোচনা হতে পারে সভায়।