সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের দায়িত্বপ্রাপ্তিতে বিলম্ব হওয়ায় কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ শাহজাহান ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন। গত সোমবার সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান এর আগে আরো ৬ বার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১৫ জুন অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বিধিগত কারণে পদত্যাগ করেন মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুল হক চৌধুরী নতুন মেয়র নির্বাচিত হন। নবনির্বাচিত মেয়র দায়িত্বভার গ্রহণের পূর্ব পর্যন্ত মোহাম্মদ শাহজাহান ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।
১৬নং ওয়ার্ডে পুনঃভোটগ্রহণ ৬ জুলাই
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দুই জনের ভোট সমান হওয়ায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে আগামী ৬ জুলাই পুনরায় ভোটগ্রহণ করা হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। গত ১৫ জুনের নির্বাচনে জামাল আহমদ ও আব্দুল মুহিত জাবেদ সমান সংখ্যক ভোট পান। তাদের দু’জনের প্রাপ্ত ভোট ছিল ১ হাজার ৭৭৪টি করে। এ অবস্থায় নির্বাচন কমিশন এ ওয়ার্ডের ফলাফল ঘোষণা না করে ৬ জুলাই পুনঃভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে। তবে ৬ জুলাইয়ের নির্বাচনে কেবল জামাল আহমদ ও আব্দুল মুহিত জাবেদই প্রতিদ্বন্দ্বিতা করবেন।
