তানোরে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১২ মে ২০১৯, ২০:১২

রাজশাহী তানোরে ২০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ রবিবার দুপুরে উপজেলার আড়াদিঘী মোড়স্থ পৃথক দুটি অভিযানে আমনুরা টু রাজশাহীগামী সাকিব পরিবহন বাসে ৫০ বোতল ও রাজশাহী টু আমনুরা বাসে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পরে আটককৃত ৩ মাদক ব্যবসায়ীদেরকে থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে মো. সাগর (৬৩), ওই একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. জুয়েল (৩০) ও একই গ্রামের মৃত মুঞ্জুর হোসেনের ছেলে মো. সাদিকুল ইসলাম (৫০)।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ-সার্কেল) উপ-পরিদর্শক মো. কোরবান আলী সরকার  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়াদিঘী মোড়স্থ দুটি বাসে অভিযান চালিয়ে বাসের সিটের নিচ থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ‌‘একাদশে ভর্তির জন্য লাগবে অভিভাবকের এনআইডি’

তানোর থানার ওসি মো. খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০০ বোতল ফেনসিডিলসহ আটক ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।

ইত্তেফাক/কেকে