স্মার্টফোন জানাবে হূদস্পন্দন, পালসের অস্বাভাবিকতা

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৩১
প্রযুক্তির এই সময়ে সবকিছুই যেন স্মার্টফোন আর ট্যাবলেট পিসিনির্ভর হয়ে উঠছে। নিত্য দিনকার নানা ধরনের কাজ এখন স্মার্টফোনেই করা সম্ভব হচ্ছে। স্মার্টফোনের লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এসব কাজ সহজ হয়ে উঠেছে। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের কাজেও এখন ব্যবহূত হচ্ছে নানা ধরনের অ্যাপ্লিকেশন। সম্প্রতি এই ভাণ্ডারে যুক্ত হয়েছে এমন একটি অ্যাপ্লিকেশন, যেটি স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করেই জানাবে হূদস্পন্দন এবং পালসের গতিবিধি। এবং এসব তথ্য থেকেই জানা যাবে হূদযন্ত্রে কোনো ধরনের সমস্যা রয়েছে কি না। এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবের একদল গবেষক। তারা অবশ্য গত বছরেই এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করে যেটি ফোনের ক্যামেরায় ধারণকৃত কোনো চেহারার রঙের পরিবর্তন দেখেই বলতে পারত ব্লাড প্রেশারের তথ্য। এবারে সেটাকেই আরও উন্নত রূপে নিয়ে এসেছে তারা। এবারে তাদের অ্যাপ্লিকেশন ক্যামেরায় মাথার নড়াচড়া থেকেই বুঝতে পারবে হূদস্পন্দনের গতিবিধি এবং পালস রেট। আর এর মাধ্যমে হূদযন্ত্রে কোনো ধরনের সমস্যা থাকলে তা তাত্ক্ষণিকভাবেই সনাক্ত করে জানিয়ে দিতে পারবে অ্যাপ্লিকেশনটি। হার্ট রেট ভেরিয়েবিলিটি (এইচআরভি) বা সময়ের সাথে সাথে হূদস্পন্দনের পরিবর্তন থেকেই হূদযন্ত্রে কোনো সমস্যা রয়েছে কি না, তা জানা যায়। আর এই পরিবর্তনটিই সঠিকভাবে সনাক্ত করতে সক্ষম এমআইটি গবেষকদলের তৈরি অ্যাপ্লিকেশনটি। এটি হূদস্পন্দনের তথ্যগুলো প্রকাশ করে একটি হিস্টোগ্রামের মাধ্যমে। আর এরপর রুট-মিন-স্কয়ার বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান থেকেই এটি জানিয়ে দিতে পারে হূদযন্ত্রের অবস্থা সম্পর্কে। একে সময়ের অন্যতম উদ্ভাবন হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্ট গবেষকরা।