ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতি ও আন্তর্জাতিক লবিংয়ে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা স্থগিত করেছে। সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। পীরসাহেব চরমোনাই বলেন, যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা স্থগিত হওয়ায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। এ ব্যাপারে সরকার ও বিরোধী দল পরস্পরকে দোষারোপ করছে। আসলে তারা কেউই দেশের জন্য নয়, সবাই নিজ ও দলের স্বার্থে কাজ করছে। এক্ষেত্রে বর্তমান সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি আরো বলেন, এ পর্যন্ত গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে যত অগ্নিকাণ্ড ও ভবন ধসের ঘটনা ঘটেছে বর্তমান সরকার একটিরও বিচার করতে পারেনি। ফলে বিদেশিরা আমাদের দেশের পণ্য নিতে আগ্রহ দেখাচ্ছে না। সরকার ও বিরোধী দল আসলে বিদেশি প্রভুদের খুশি করতেই কাজ করে।
