হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত মহেন্দ্র সিং ধোনি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোতেও খেলতে পারছেন না। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। অন্যদিকে ধোনির বদলি হিসেবে এরই মধ্যে দলে ডাকা হয়েছে আম্বাতি রায়ুডুকে।
সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ধোনি। এরপর মাঠেই তাত্ক্ষণিক চিকিত্সা নিয়ে শেষ পর্যন্ত ব্যাটিংও করেন তিনি। যদিও পরবর্তীতে আর ফিল্ডিংয়ে নামা হয়নি তার।
ধোনি না থাকায় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন দীনেশ কার্তিক। অন্যদিকে ঐ ম্যাচের বাকি সময় অধিনায়কের দায়িত্ব পালন করা কোহলিকেই বাকি ম্যাচগুলোর জন্য নেতার দায়িত্ব দেয়া হচ্ছে। জাতীয় দলের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হলেও অধিনায়কের দায়িত্বটা কোহলির জন্য মোটেই নতুন কিছু নয়। অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে দলকে বিশ্বকাপ জেতানোর মতো বড় অর্জনও আছে তার। যদিও সর্বশেষ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোহলি স্বীকার করেন, চাপের মুহূর্তে ‘ধীরস্থির’ ধোনির অভাব খুব বেশি করেই বোধ করেছেন তিনি। তবে কোহলির জন্য সুসংবাদ হচ্ছে পরবর্তী ম্যাচে পাচ্ছেন তার ‘প্রিয়’ প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে। গত বছরের ফেব্রুয়ারিতে হোবার্টে লঙ্কানদের বিরুদ্ধে দুর্দান্ত এক সেঞ্চুরি করেই প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে সুখ্যাতি অর্জন করেন তিনি। এরপর তাদের বিরুদ্ধে আরো তিনবার শতরানের দেখা পান রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক।
সিরিজে ভারতের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার, পোর্ট অফ স্পেনে। বিসিসিআই’র বিবৃতি অনুযায়ী এই ম্যাচের আগেই রায়ুডু দলে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রায় অপরিবর্তিত দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজে আসা ভারত সিরিজের শুরুতেই হারায় ইরফান পাঠানকে। হ্যামস্ট্রিং ইনজুরি আক্রান্ত পাঠানের জায়গায় দলে ডাকা হয় পেসার মোহাম্মদ শামীকে।
