বিওএ ভবনে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির অনুষ্ঠানে আসবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। তার সঙ্গে নিজেদের দাবি দাওয়া নিয়ে আলাপ করতে আগে থেকেই ভিড় জমিয়েছিলেন জাতীয় হকি দলের খেলোয়াড়রা। প্রথমে প্রতিমন্ত্রী খেলোয়াড়দের অনুষ্ঠান শেষে করে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সামান্য কথাবার্তা হলেও খুব খোলামেলা আলোচনা হয়নি। তাই আগামী রবিবার তার জাতীয় ক্রীড়া পরিষদের অফিসে খেলোয়াড়দের কথা শোনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
তারপরও সংক্ষিপ্ত যে আলোচনা হল, সেখানেই খেলোয়াড়দের তরফ থেকে জানানো হয়, আজ (গতকাল) থেকে দলবদলে শুরু হওয়ার কথা। কিন্তু তা হয়নি। এই পরিস্থিতির অবসান চাইলেন খেলোয়াড়রা। ক্রীড়া প্রতিমন্ত্রী অবশ্য বললেন, ‘হকি নিয়ে আদালতে মামলা হয়েছে। ফলে আমি এখন কোনো কথা বলতে পারব না।’ সেই সাথে সাংবাদ মাধ্যমকে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এইটুকু বলতে পারি, খেলাধুলার সব ক্ষেত্রে আমার সহযোগিতা থাকবে।’
