গুলিস্তানে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ৩

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৫৭
রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ্ মাজার এলাকায় পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধে এক পুলিশসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবল আব্দুল আজিজ, ডাকাত দলের সদস্য রবিন ও ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। অভিযানে নেতৃত্বদানকারী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার জাহিদুল হক তালুকদার বলেন, মে মাসে সোহাগ পরিবহনের কাউন্টারে ডাকাতির ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দলের অপর সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছিল। এক পর্যায়ে তাদের মোবাইল ফোনের কথোপকথন থেকে জানা যায়, সোমবার তারা গুলিস্তান এলাকায় ডাকাতির উদ্দেশ্যে আসবে। এ জন্য রাতে মাজার এলাকায় ব্যারিকেড দেয়া হয়। ডাকাত দলটি একটি পিকআপ ভ্যানে করে ওই এলাকা আসলে পুলিশের সন্দেহ হয়, পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় ডাকাতরা হঠাত্ পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের দু’জন ও পুলিশের একজন আহত হয়। পালানোর সময় কোরবান নামের আরেক ডাকাতকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সহকারী কমিশনার আবু ইউসুফ বলেন, ডাকাতদের ব্যবহূত পিকআপটি আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশীয় কিছু অস্ত্র। তবে আগ্নেয়াস্ত্রধারী ডাকাতরা পালিয়ে গেছে। রাজধানীর পান্থপথে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় এই ডাকাত চক্র জড়িত ছিল।