বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি মেডিকেল কলেজ হাসপাতাল কার্যালয়ের সামনে থেকে জরুরি বিভাগের গেট থেকে বের হয়। এরপর ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশ দিয়ে দোয়েল চত্বর হয়ে হাসপাতলের প্রশাসনিক ব্লকে গিয়ে শেষ করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘সবার জন্য স্বাস্থ্য: নার্স নেতৃত্বে বলিষ্ঠ কণ্ঠস্বর’।
র্যালির শুভ উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। ঢামেকের উপপরিচালক, সহকারী পরিচালকবৃন্দ, উপসেবা তত্ত্বাবধায়কসহ নার্স কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যালির নেতৃত্ব দেন বিএনএর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল। র্যালি শেষে কনফারেন্স রুমে এ দিবসের তাৎপর্য ও প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যাতে রোগীরা ভালো চিকিৎসা পায়। এই বিষয়টি নিশ্চিত করতে হবে। এই হাসপাতালের রোগীদের সেবা দেওয়ার জন্য নার্সদের প্রতি আহ্বান জানান। বিভিন্ন ওয়ার্ড সাজানো-গোছানো ও পরিচ্ছন্ন রাখার জন্য নার্সদের বিশেষ ধন্যবাদ জানান।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নার্সদের ৩য় শ্রেণি থেকে ২য় শ্রেণিতে উন্নীত করেছেন। এবং তাদের পরিদপ্তর থেকে অধিদপ্তরে পরিণত করেন। এছাড়া মহাখালীতে নিজস্ব সেবাভবন করে দিয়েছেন।
আরো পড়ুন: নুসরাতকে পুড়িয়ে হত্যা: ফেনীর এসপি প্রত্যাহার
কামাল হোসেন পাটোয়ারী আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সারাদেশের নার্স কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের ৩য় থেকে ২য় শ্রেণিতে উন্নীত করেন। এই দিবসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট নার্সদের বকেয়া, সিলেকশন গ্রেড করে দেওয়ার জোর দাবি জানান তিনি।

নার্স দিবসকে কেন্দ্র করে ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ ড. জাফিন্তা গোমেজের উদ্যোগে কলেজটির সামনে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
এ র্যালিতে আরো উপস্থিত ছিলেন- বিএনএর সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, সট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নাসরিন সুলতানা, মিডওয়াইফ সম্পাদক ফাহিম মাহজাবিন, বিএনএ নেতা হাফিজ বারি, সাইফুল তালুকদার, আব্দুল লতিফ, মুকুল হোসেন, নারায়ণ চন্দ্র, আনোয়ার হোসেন বাবু প্রমুখ।
উল্লেখ্য, ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বিশেষ বুলেটিন ‘নার্সেস নিউজ’ প্রকাশ করা হয়।
ইত্তেফাক/এমআই

