গ্রামীণফোন আইটি (জিপিআইটি)-এর সংখ্যাগরিষ্ঠ শেয়ার অধিগ্রহণ করতে চুক্তি স্বাক্ষর করেছে আন্তর্জাতিক ব্যবস্থাপনা কনসালটেন্ট, প্রযুক্তি সেবা এবং আউটসোর্সিং কোম্পানি একসেঞ্চার। মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের অধিনস্ত প্রতিষ্ঠান জিপিআইটি গ্রামীণফোন ও অন্যান্য কোম্পানিকে আইটি সেবা প্রদান করে। এর বিভিন্ন প্রযুক্তিগত দক্ষতার মধ্যে আছে ইআরপি, বিজনেস ইন্টিলিজেন্স, কন্টাক্ট সেন্টার, সিআরএম, মিডলওয়্যার এবং ডাটাসেন্টার সলিউশন। চুক্তি সম্পর্কে একসেঞ্চার কমিউনিকেশনস, মিডিয়া অ্যান্ড টেকনোলজি অপারেটিং গ্রুপের চিফ এক্সিকিউটিভ বব সেল বলেন, ‘জিপিআইটিতে এই বিনিয়োগ এ দেশে একদল দক্ষ কর্মী ও তাদের সক্ষমতা ব্যবহারের সুযোগ দেবে।’ গ্রামীণফোনের চেয়ারম্যান সিগভে ব্রেক্কে বলেন, ‘জিপিআইটির প্রবৃদ্ধি কৌশলের অংশ হিসেবে এর সক্ষমতা বৃদ্ধির জন্য গ্রামীণফোন এবং টেলিনর একটি কৌশলগত অংশীদার সন্ধান করছিল। গ্রামীণফোনের বোর্ড অফ ডিরেক্টর মনে করে, একসেঞ্চার সেই ধরনের আদর্শ অংশীদার।’ জিপিআইটি’র সিইও রায়হান শামসী বলেন, ‘একসেঞ্চারের সঙ্গে এই চুক্তি জিপিআইটি’র জন্য এক নতুন যুগের সূচনা করবে। একসেঞ্চারের সহায়তায় জিপিআইটি গ্রাহকদের বিশ্বমানের সেবা প্রদানে আরও দক্ষ হয়ে উঠবে বলেই আমরা আশা করছি।’
