ইরানের শেষ শাহ রেজা শাহ পাহলভির প্রথম পত্নী প্রিন্সেস ফৌজিয়া মিসরের রাজধানী কায়রোতে ইন্তেকাল করেছেন। মিশরের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, গত মঙ্গলবার তিনি মারা যান। প্রিন্সেস ফৌজিয়া মিসরের বাদশাহ ফুয়াদের বড় মেয়ে এবং বাদশাহ ফারুকের বোন। মিসরের পদচ্যুত ও নির্বাসিত শেষ শাসক দ্বিতীয় বাদশাহ ফুয়াদ ফেসবুকে জানান, ৯১ বছর বয়সে তার ফুপু মারা গেছেন। ফেসবুকের ঐ বিবৃতিতে বলা হয়, মিশরের রাজপরিবারের পক্ষ থেকে জাতিকে জানানো যাচ্ছে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য প্রিন্সেস ফৌজিয়া আমাদের মাঝে আর নেই। বুধবার আসরের নামাজের পর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, কায়রোতে তাকে সমাহিত করা হবে। ১৯৩৯ সালে তিনি ইরানের শাহ রেজা পাহলভির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের ছয় বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ১৯৪৫ সালে ফৌজিয়া ফিরে যান বাবার বাড়ি মিশরের কায়রোতে। তবে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ ঘটে ১৭ নভেম্বর ১৯৪৮। প্রথম বিবাহ বিচ্ছেদের একবছর পর ফৌজিয়া কর্নেল ইসমাইল চিরিনের সাথে আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
