অফিসে শেয়ালের বাসা
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত ফেইসবুক হেডকোয়ার্টারে বাসা বেঁধেছে এক ধূসর শেয়াল দম্পতি এবং তাদের তিনটি ছানা। টুডে ডটকম জানিয়েছে তাদের দুষ্টুমিতে বেশ জমজমাট হয়ে উঠেছে ফেইসবুকের অফিসপাড়া। হেডকোয়ার্টারের মধ্যে ঐ শেয়াল পরিবারের উপস্থিতি একটি ভিন্নধর্মী পরিবেশ সৃষ্টি করেছে, যা সাধারণত কোনো অফিসের ক্ষেত্রেই চোখে পড়ে না। শেয়ালের বাচ্চাগুলো ফেইসবুক অফিসের এলাকাতেই বড় হচ্ছে। আর অফিসটিকে নিজেদের বাড়ি হিসেবেই ধরে নিয়েছে তারা।—রয়টার্স
ছবির মূল্য ২০ লাখ ডলার!
রিয়েলিটি টিভি তারকা কিম কার্ডাশিয়ান এবং তার প্রেমিক কেনি ওয়েস্টের শিশুকন্যা নর্থ ওয়েস্টের প্রথম ছবি ২০ লাখ ডলারে কিনে নিতে চেয়েছে হলিউডভিত্তিক একটি বিনোদন ম্যাগাজিন। জন্মের পর প্রায় এক মাস হয়ে গেলেও এখনও কিম-তনয়ার মুখ দেখতে পারেনি বিশ্ববাসী। তবে কন্যাকে সঙ্গে নিয়ে একটি ফটোশুট করার কথা ভাবছেন কিম। আর এই ফটোশুটটি করা হবে একটি বিশেষ ম্যাগাজিনের পক্ষ থেকে। ম্যাগাজিনটি এর মধ্যেই তাদের এটির বিনিময়ে ২০ লাখ ডলারের প্রস্তাব দিয়েছে।—পিটিআই
ইউরোপের অর্থনীতিতে চাঙ্গাভাব
ইউরোপের সংকটগ্রস্ত দেশগুলোর বর্তমান অবস্থায় সার্বিকভাবে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। যেমন স্পেনের বেকারত্বের হার কমতে শুরু করেছে। উত্পাদন বাড়ার ফলে আশার আলো দেখা যাচ্ছে। একই সময়ে পর্যটনের ক্ষেত্রেও উন্নতি সাধিত হচ্ছে। তবে সংস্কারের ক্ষেত্রে গ্রিসের সরকার কিছু অগ্রগতি দেখালেও তাদের কিছু ব্যর্থতা নিয়ে সমস্যা রয়েছে। —এএফপি
আফ্রিকার অগ্রগতি
২০১৫ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে না পারলেও মহাদেশটি অগ্রগতি কম করেনি। শিক্ষা ও স্বাস্থ্যে তারা বেশ এগিয়েছে। যদিও দারিদ্র্য দূরীকরণে এখনও পিছিয়ে তারা। আফ্রিকান ইউনিয়ন, জাতিসংঘ ও আফ্রিকান উন্নয়ন ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, বিশেষ করে বুর্কিনা ফাসো, মোসাম্বিক ও নামিবিয়া অনেক উন্নতি করেছে। হামবুর্গের ইন্সটিটিউট ফর আফ্রিকা স্টাডিজের এলেনা গিসবার্ট এ প্রসঙ্গে বলেন, মহাদেশটি অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত খারাপ অবস্থা থেকে শুরু করেছে। তাই এই উন্নতিটা ‘ইতিবাচক বিস্ময়ের’ সৃষ্টি করেছে।—ডয়েচে ভেলে
