বারোটি ব্যবসা প্রতিষ্ঠানসহ ২ একর ফসলি জমি নদীতে

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:৪৩
গত মঙ্গলবার রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের তেলিখালী বাজারের ১২টি দোকানসহ প্রায় ২ একর ফসলি জমি কচা নদীতে ভেঙ্গে পড়ে। ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা। এতে ছত্তার খান, রুস্তুম ফরাজী, বাদল ফরাজী, আলতাফ হোসেন, মহিবুল্লা, কবির হোসেন, আল আমীন, ইলিয়াস, মুর্তজা আলী, কবির হোসেন, শামসুল আলম ও রুস্তুম আলী নামের ১২ ব্যবসায়ীর দোকান নদীতে বিলীন হয়ে যায়। হোটেল ব্যবসায়ী মো. হেলাল জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হঠাত্ দোকানের পেছনে শব্দ শুনতে পাই। আমার চোখের সামনে আমার দোকানসহ বেশ কয়েকটি দোকান নদীতে চলে গেছে। আরিফ বিল্লাহ জানান, বাজারের কোন ব্যবসায়ী তাদের মালামাল রক্ষা করতে পারেনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন জানান, মুদি-মনোহরি, হাঁড়ি-পাতিল, দর্জি, জুতা ও মাছের ডিপোসহ বিভিন্ন দোকান নদীতে ভেঙ্গে পড়েছে। ইউনিয়ন ভূমি অফিস ও কৃষি ব্যাংক যে কোন সময় ভাঙ্গনের কবলে পড়তে পারে। তেলিখালী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আ. মান্নান শিকদার বলেন, বাজারের শতাধিক ব্যবসায়ী অব্যাহত ভাঙ্গন আতঙ্কে রয়েছে। ব্যবসায়ীরা মালামাল ও দোকান ঘর অন্যত্র সড়িয়ে নিচ্ছে। মঙ্গলবারের ভাঙ্গনে বেড়িবাঁধও বিলীন হয়েছে। ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশীদ, ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা প্রশাসন জানায়, ভাঙ্গনে ব্যবসায়ীদের দোকান ও মালামাল এবং জমিসহ ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা।