মৃদুলের পরিবারের পাশে বিসিবি

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২২:০১
গত ৩ এপ্রিল রাতে আকস্মিকভাবে মাত্র ৩২ বছর বয়সে ব্যাডমিন্টন খেলা শেষে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাজহারুল হক মৃদুল। জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যানের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা পরিবারের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেবেন। উল্লেখ্য, মৃদুল ২০০২ সালের ১৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন। ক্লাব ক্রিকেটের দুর্দান্ত পারফর্মার মৃদুল ২৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি ও ৫টি ফিফটিসহ করেছেন ১৩১৬ রান। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত মৃদুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির সহকারী ম্যানেজার হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করেন।