আফ্রিদি আবার জাতীয় দলে

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২২:০৫
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সদ্য ঘোষিত দলে ডাক পেয়েছেন অল রাউন্ডার শহীদ আফ্রিদি। তবে গতকাল বুধবার ঘোষিত এই দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক শোয়েব মালিক, উইকেট রক্ষক কামরান আকমল এবং ওপেনার ইমরান ফারহাতের। ইংল্যান্ডে গত মাসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাকিস্তান। প্রতিটি ম্যাচেই ব্যাটসম্যানদের ব্যাটিং দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। তাই ক্যারিবীয়দের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ঘোষিত নতুন দলে নির্বাচকরা চারটি পরিবর্তন এনেছেন। গায়ানায় আগামী ১৪ জুলাই প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। অনেকটা অনুমিতভাবেই বাদ পড়েছেন গত তিন ম্যাচে মাত্র ২৫ রান করা শোয়েব মালিক। সমসংখ্যক ম্যাচ খেলে ২৩ রান করা আকমলও জায়গা হারিয়েছেন। বাদ পড়া আরেক ব্যাটসম্যান ফারহাতের সর্বশেষ দুই ম্যাচে রান সংখ্যা মাত্র চার। ওয়ানডে দলের নেতৃত্ব থাকছে মিসবাহ-উল-হকের হাতেই। অন্যদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ হাফিজ। প্রধান নির্বাচক ইকবাল কাশিম জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স বিবেচনা করে নিজেদের মধ্যে আলোচনা করেই ১৬ সদস্যের ওয়ানডে এবং ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছেন তারা। কাশিম বলেন, ‘আমরা মিসবাহ এবং কোচ ডেভ হোয়াটমোরের সাথে আলোচনা করেই দুটি ভিন্ন দল ঘোষণা করেছি। আমাদের সিদ্ধান্ত কাজে লাগবে বলে আমরা আশাবাদী।’ তবে পুনরায় দলে ফেরার ব্যাপারে আফ্রিদির অবদান বেশি নাকি অন্যদের ব্যর্থতা—সেই প্রশ্ন উঠতেই পারে। কারণ ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বাদ পড়ার পর দক্ষিণ আফ্রিকা সফরে দলে ফেরা আফ্রিদি বল হাতে সেখানেও ভাল কিছু করতে পারেননি। সর্বশেষ ছয়টি ওয়ানডেতে নিতে পারেননি একটি উইকেটও। আফ্রিদির পাশাপাশি দলে ফিরেছেন কামরানের ছোট ভাই উমর আকমলও। ভাইয়ের অনুপস্থিতিতে হয়তো উইকেটও সামলাতে হবে তাকে। যদিও স্পেশালিস্ট উইকেট রক্ষক হিসেবে দলে আছেন অভিষেকের জন্য অপেক্ষমান, ২১ বছর বয়সী মোহাম্মদ রিজওয়ান। দুই বছর বাদে দলে ফিরেছেন মারকুটে ওপেনার আহমেদ শেহজাদও। তবে দলে জায়গা হয়নি ইনজুরি আক্রান্ত পেসার উমর গুলের।