জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, জাতীয় পার্টি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো মেয়র প্রার্থীকেই সমর্থন দেয়নি। এ ব্যাপারে বিভিন্ন মিডিয়ায় কোন একজন প্রার্থীর পক্ষে জাতীয় পার্টির সমর্থনের কথা প্রচার করা হয়েছে বা হচ্ছে—যা আদৌ সত্য নয়। গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এরশাদ যখন একের পর এক প্রার্থীকে ‘দোয়া’ করে যাচ্ছেন তখন সমর্থন কে পাচ্ছেন তা নিয়ে জনমনে কৌতূহলের অন্ত নেই। প্রধান দুই প্রার্থীই এরশাদের সাথে সাক্ষাত্ করে দোয়া চেয়েছেন। উভয়কে এরশাদ বলেছেন, ‘দোয়া করলাম’। এমন পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ১৮ দল সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। কিন্তু গতকালের বিবৃতিতে এরশাদ কাউকে সমর্থন দেননি বলে পরিষ্কার করেন। কয়েকদিন আগে প্রথমে ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খান এরশাদের সঙ্গে দেখা করে দোয়া চান। এরপর ১৮ দলের প্রার্থী এম এ মান্নানও তার সাথে দেখা করেন। তিনিও দোয়া চান। জাপা (এ) চেয়ারম্যান ‘দোয়া’ করতে কার্পণ্য করেননি! তবে সাক্ষাত্ শেষে ১৮ দলের প্রার্থী এম এ মান্নান সাংবাদিকদের বলেছিলেন, জাতীয় পার্টি (এ) তাকেই সমর্থন দিয়েছে। মান্নানের এই বক্তব্যের পর জাতীয় পার্টির পক্ষ থেকে এ বিবৃতিটি প্রদান করা হলো। বিবৃতিতে বলা হয়, এইচ এম এরশাদ কাউকে সমর্থন প্রদানের কথা বলেননি। এরশাদ গাজীপুর সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করেছেন।
বিবৃতিতে আরো বলা হয়, যেহেতু এই নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত কোন মেয়র প্রার্থী নেই—সে কারণে দলীয় নেতা, কর্মী ও সমর্থকরা তাদের পছন্দমতো যোগ্য মেয়র প্রার্থীকে ভোট প্রদান করবেন। বিবৃতিতে আরো বলা হয়, কেন্দ্রের নির্দেশ ব্যতীত কেউ জাতীয় পার্টির নামে কোনো প্রার্থীর পক্ষে সমর্থন দেয়ার অধিকার রাখে না।
