সময়ের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি পণ্য যেমন স্মার্টফোন, স্মার্টফোনের মধ্যে আবার সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যান্ড্রয়েড। সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে অ্যান্ড্রয়েড ফোন আর ট্যাবলেট পিসি। তবে অ্যান্ড্রয়েড সংশ্লিষ্ট সকলের জন্য দুঃসংবাদ, গবেষকরা এমন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা ব্যবহার করে যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসকে হ্যাক করা যাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি ‘লুপহোল’ ব্যবহার করেই হ্যাক করা যাবে ডিভাইস। সব ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইসেই এই পদ্ধতি ব্যবহার করা যাবে বলে একে বলা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য ‘মাস্টার কি’। নিরাপত্তা গবেষণা সংস্থা ‘ব্লুবক্স’-এর গবেষক দল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই ত্রুটি উন্মুক্ত করেছেন। ব্লুবক্সের চিফ টেকনিক্যাল অফিসার জেফ ফরিস্টাল এক ব্লগে অ্যান্ড্রয়েডের এই ত্রুটি উন্মোচন করে জানিয়েছেন, হ্যাকারদের জন্য এটি একটি বড় ধরনের সুযোগ। ব্লগপোস্টে তিনি বলেন, ‘এটি একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের সার্বিক নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম। এটি ব্যবহার করে অ্যান্ড্রয়েড ডিভাইসের তথ্য যেমন চুরি করা যাবে, তেমনি অ্যান্ড্রয়েডে আড়িপাতা যাবে এবং ওই ডিভাইস থেকে জাংক বা স্প্যামও পাঠানো যাবে।’ তিনি জানিয়েছেন, এটি ব্যবহার করে সব ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইসকে নিয়ন্ত্রণ করা সম্ভব যা সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বিশাল দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। অ্যান্ড্রয়েড নির্মাতা গুগল অবশ্য এটি নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
