চলে গেলেন মাউসের জনক

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ১৯:২৬
মাউসের জনক হিসেবে খ্যাত ডগলাস কার্ল এঙ্গেলবার্ট ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত ২ জুলাই নিজ বাসভবনে ঘুমের মাঝেই মৃত্যুবরণ করেন তিনি। মানুষের সাথে কম্পিউটারের সংযোগস্থাপনের পদ্ধতি নিয়ে কাজ করা এঙ্গেলবার্ট ১৯৬০ সালে তৈরি করেন বিশ্বের প্রথম মাউস। কাঠের একটি কাঠামোতে ধাতব চাকা ব্যবহার করে এটি তৈরি করেন তিনি। মাউস ছাড়াও ইমেইল, ওয়ার্ড প্রসেসিং, হাইপারটেক্সট এবং ভিডিও টেলিকনফারেন্সের শুরুর দিককার গবেষণার সাথে জড়িত ছিলেন তিনি। তাকে ইন্টারনেটের অন্যতম পথিকৃত হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। তার মেয়ে তার মৃত্যুসংবাদ নিশ্চিত করেন। কিডনি বিকল হয়ে যাওয়া ছাড়াও বার্ধক্যজনিত দুর্বলতায় ভুগছিলেন এঙ্গেলবার্ট। ১৯২৫ সালের ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওরিগনের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করা এঙ্গেলবার্ট ওরিগন স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে রাডার টেকনিশিয়ান হিসেবে কাজ করেন। পরে তিনি যোগ দেন তত্কালীন ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ফর অ্যারোনটিকসে (বর্তমানে নাসা)। সেখান থেকে তিনি ইউসি, বার্কলেতে যান ডক্টরেট ডিগ্রি লাভ করার জন্য। কম্পিউটারের সাথে মানুষ কীভাবে যোগাযোগ স্থাপন করতে পারে, সেটি নিয়ে তিনি শুরু থেকেই গবেষণা করেন। তার নিজের ল্যাব ‘অগমেন্টেশন রিসার্চ সেন্টারে’ও তিনি এই বিষয়ে গবেষণা করেন। তার এই ল্যাবরেটরি ‘আর্পানেট’ তৈরিতে ভূমিকা রাখে, যেটি পরবর্তীতে ইন্টারনেটকে বাস্তবে পরিণত করে। প্রযুক্তি বিশ্বে তার অবদানের জন্য নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। সবচেয়ে বেশি বিক্রি হওয়া পিসি অ্যাকসেসরিজের মধ্যে তার উদ্ভাবিত মাউস অন্যতম।