স্পোর্টস ডেস্ক
২০১৩ সালের বিশ্বকাপের মূল পর্বে খেলতে চায় স্কটল্যান্ড। দায়িত্ব নিয়ে এমনই লক্ষ্যের কথা জানিয়েছেন স্কটল্যান্ডের নতুন কোচ শেন বার্গার। গ্যান্ট ব্র্যাডবার্নের পরিবর্তে গত জানুয়ারি মাসে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার বার্গার।
বিবিসি স্কটল্যান্ডকে বার্গার বলেন, ‘অবশ্যই চেষ্টা থাকবে ২০২৩ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা। বিশেষ এই লক্ষ্যে আমরা তাকিয়ে আছি। তবে আমার কাছে অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে একটা সিস্টেম গড়ে তোলা, আমাদের তরুণ খেলোয়াড়দের এই পরিবেশের মধ্যে আনা নিশ্চিত করা। প্রকৃত অর্থে আমাদের চাওয়া হচ্ছে টেস্ট মর্যাদা, আমরা ইতোমধ্যেই তেমন পারফরম্যান্স করছি।’
ব্র্যাডবার্নের অধীনে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে স্কটল্যান্ড। তবে অল্পের জন্য এবারের ৫০ ওভার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়।
স্কটল্যান্ড অবশ্য গত জুনে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করে। বার্গার বলেন সামপ্রতিক বছরগুলোতে স্কটল্যান্ড দলের অগ্রগতি তাকে এ দায়িত্ব নিতে আকৃষ্ট করেছে। তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন, ইতোমধ্যে দলটি অর্জন এবং দিনকে দিন ভালো করা তাকে আকৃষ্ট করেছে।’ প্রথম অ্যাসাইমেন্টে অবশ্য ব্যর্থ হয়েছেন বার্গার। দুই ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে তার দল। আগামী সপ্তাহে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে স্কটল্যান্ড সফর করবে শ্রীলঙ্কা।
